১২ কোটি ৫০ লাখ ইউরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

গোলের পর গোল করে গেছেন। হ্যাটট্রিকের পর হ্যাটট্রিক। কিন্তু ব্যক্তিগত এত অর্জন দলগতভাবে ক্রিস্টিয়ানো রোনালদোকে কী দিল? মৌসুমজুড়ে তাঁর ৫৮ গোল (গতকালের ম্যাচটার আগ পর্যন্ত), সাতটি হ্যাটট্রিক—রিয়াল মাদ্রিদ তবু ট্রফিশূন্য! এত খাটনির পরও দলগতভাবে এভাবে ব্যর্থ হলে কাঁহাতক আর ধৈর্য ধরে রাখা যায়! রোনালদোরও বুঝি সেই ধৈর্যের বাঁধ ভাঙতে চলেছে। ওদিকে কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে দরজায় কড়া নাড়ছে পিএসজিসহ আরও কয়েকটি ক্লাব। তারপরও রোনালদো নাকি রিয়ালে থাকতে বদ্ধপরিকর। তবে সে জন্য ক্লাব কর্তৃপক্ষকে বেশ কয়েকটি অলিখিত শর্ত জুড়ে দিয়েছেন।
স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, রিয়াল মৌসুম শেষ করছে শিরোপাহীন, এটা নিশ্চিত হয়ে যাওয়ার পরই ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে বৈঠকে বসেছিলেন পর্তুগিজ উইঙ্গার। জানতে চান, পরের মৌসুমে এ ভুলগুলো শোধরাতে কী উদ্যোগ নিচ্ছে ক্লাব। মার্কার খবর, রিয়ালকে বেশ কিছু শর্ত দিয়েছেন রোনালদো। যার একটি, তাঁর ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমানো। লিগে রোনালদোর এ মৌসুমে ৪৫ গোল। কিন্তু তাঁর সতীর্থদের অন্য কেউ ২০টি গোলও করতে পারেননি! দ্বিতীয় সর্বোচ্চ করিম বেনজেমার ১৫ গোল। অ্যাসিস্টও সবচেয়ে বেশি রোনালদোর (১৬টি)। গোল করার মতো ভালো সঙ্গী চেয়েছেন রোনালদো, ঘন ঘন কোচ বদলানোতেও তাঁর আপত্তি আছে। এ মৌসুমে কোনো ট্রফি জেতাতে পারেননি বলেই গুঞ্জন শোনা যাচ্ছে, কার্লো আনচেলত্তিকে আর রাখতে চায় না রিয়াল। অথচ সান্তিয়াগো বার্নাব্যুতে মাত্র দুই মৌসুম হয়েছে আনচেলত্তির, প্রথম মৌসুমেই জিতিয়েছেন বহুকাঙ্ক্ষিত লা ডেসিমা। এ ছাড়া দলবদলের বাজারে রিয়ালকে আরও সক্রিয় দেখতে চেয়েছেন রোনালদো, যাতে বিকল্প খেলোয়াড়ের অভাব কখনো না হয়।
রিয়ালের এই অস্থিরতার সুযোগ নিয়ে রোনালদোকে দলে টানতে চাইছে ফ্রেঞ্চ লিগ ওয়ানের চ্যাম্পিয়ন পিএসজি। সে জন্য বিশাল অঙ্কের টাকা খরচ করতেও রাজি ক্লাবটির মালিক কাতারি ধনকুবের নাসের আল খেলাইফি। যদিও উয়েফার বেঁধে দেওয়া ট্রান্সফার ফির বিধিনিষেধ আছে পিএসজির ওপর। তবে উয়েফার নিয়মের মধ্যে থেকেই রোনালদোর জন্য ১২৫ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করতে রাজি নাসের আল খেলাইফি। তবে রোনালদো এখনো রিয়ালেই আস্থা রাখছেন। কিন্তু যদি তাঁর শর্তগুলো না মানা হয় তাহলে পিএসজির প্রস্তাব গ্রহণ করতে দ্বিধা করবেন না, সেটাও জানিয়ে রেখেছেন স্পষ্ট করেই। মার্কা, ডেইলি মেইল।