১২ কোটিতে প্রিমিয়ার লিগের স্বত্ব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমে প্রিমিয়ার লিগের টাইটেল স্পনসর ১ কোটি টাকা দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। কিন্তু আগামী মৌসুমের প্রিমিয়ার লিগের স্বত্ব হিসেবে ১২ কোটি টাকা চেয়েছে বাফুফে। কাল বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের এমন প্রস্তাবে রাজি হয়েছেন বলে জানিয়েছেন সকার লিগ ইউকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কবির। আগামী ডিসেম্বরে দুই পক্ষের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে বাফুফের নির্বাহী কমিটি, হিসাব বিভাগ, পেশাদার লিগের বিভিন্ন ক্লাব, ডিএফএ (জেলা ফুটবল অ্যাসোসিয়েশন), কোচ ও রেফারিদের সঙ্গে আলোচনায় বসে তবেই চুক্তি করবে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানটি, সেটি আপাতত এক বছরের জন্য। যদিও তাদের পরিকল্পনা ৫-৭ বছরের চুক্তিতে যাওয়া। গত আগস্টে বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ আয়োজনের প্রস্তাব নিয়ে ঢাকায় আসে সকার লিগ ইউকের কর্মকর্তারা। এরপর বাফুফে থেকে সবুজসংকেত পেয়েই এগোতে শুরু করে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এখনই স্পষ্ট করে কিছু বলতে চাইলেন না, ‘এ বিষয়টা তো এক দিনেই চূড়ান্ত করা সম্ভব না। ওরা ১০ লাখ পাউন্ড দিতে রাজি হয়েছে। কিন্তু আরও অনেক কিছুই আছে যা আমাদের দুই পক্ষের আলোচনায় ঠিক হবে। তবে এটা বলতে পারি, আমরা অনেক দূর এগিয়েছি।’