১২ গোলের মহাকাব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুমের শুরু থেকে একটি মিনিটও খেলতে দেয়নি চোট। কিন্তু মার্কো রয়েসের পায়ে তা মরচে ফেলতে পারেনি একটুও। পরশু লেগিয়া ওয়ারশর বিপক্ষে প্রথম মাঠে নেমেই করেছেন ২ গোল l রয়টার্স
মৌসুমের শুরু থেকে একটি মিনিটও খেলতে দেয়নি চোট। কিন্তু মার্কো রয়েসের পায়ে তা মরচে ফেলতে পারেনি একটুও। পরশু লেগিয়া ওয়ারশর বিপক্ষে প্রথম মাঠে নেমেই করেছেন ২ গোল l রয়টার্স

‘অবিশ্বাস্য! এমন কিছু আমি এর আগে কখনো দেখিনি।’
ম্যাচের পর টমাস টুখেল বলেছেন কথাটা। তবে শুধু নিজের নয়, বরুসিয়া ডর্টমুন্ড কোচ সবার হয়েই কথাটা বলে দিতে পারতেন। এমন কিছু এর আগে কেউই কখনো দেখেনি। অন্তত চ্যাম্পিয়নস লিগ যুগে তো নয়ই। ৯০ মিনিটের একটা ম্যাচে ১২ গোল!
পরশু রাত জেগে যাঁরা ম্যাচটি দেখেছেন, তাঁরা সৌভাগ্যবান। যাঁরা দেখেননি, তাঁরা হয়তো কাল সকালে উঠে স্কোরলাইনটা দেখে চোখ কচলেছেন কিছুক্ষণ। বরুসিয়া ডর্টমুন্ড ৮, লেগিয়া ওয়ারশ ৪!
স্বাভাবিক ব্যাপার, পাগলাটে স্কোরলাইনটা রেকর্ড বইয়ের পাতাগুলোও দিয়েছে উল্টেপাল্টে। ইউরোপিয়ান কাপ থেকে বদলে টুর্নামেন্টের নাম ‘চ্যাম্পিয়নস লিগ’ হওয়ার পর এত গোল আর কোনো ম্যাচে হয়নি। ‘গোলবন্যা’য় এই ম্যাচ ছাড়িয়ে গেছে ২০০৩ সালে মোনাকো ও দেপোর্তিভো লা করুনিয়ার ম্যাচটিকে (মোনাকো ৮: ৩ দেপোর্তিভো)।
১০ মিনিটে লেগিয়ার আলেক্সান্দার প্রিয়োভিচের গোলটাই ভেঙে দেয় বাঁধ। এরপরই বর্ষার পাহাড়ি বানের মতো ছুটল ডর্টমুন্ডের গোলমেশিন। ১৭ ও ১৮—দুই মিনিটের মধ্যে শিনজি কাগাওয়া করলেন দুই গোল। তার মিনিট দুয়েক পর নুরি সাহিন। ২৪ মিনিটে অবশ্য প্রিয়োভিচ একটি গোল শোধ করলেন লেগিয়ার হয়ে। কিন্তু ডর্টমুন্ড এটিকে পাত্তা দিলে তো! ২৯ মিনিটে ওসমানে ডেমবেলে, তিন মিনিট পর গোল করলেন চোট কাটিয়ে মৌসুমে প্রথম মাঠে নামা মার্কো রয়েস।
১০ থেকে ৩২—এই ২২ মিনিটে ৭ গোল! সিগনাল ইদুনা পার্কের দর্শকেরা হয়তো নিজের গায়ে নিজেই চিমটি কেটে দেখছিলেন, এমনও হয় একটা ফুটবল ম্যাচে! ডিফেন্স বলে আদৌ কি কিছু ছিল? ডর্টমুন্ড আক্রমণে যাচ্ছে, তো ‘পুঁচকে’ লেগিয়াও ঘাড় বাঁকিয়ে তেড়ে আসছে বারবার।
অবিশ্বাস্য উপাখ্যানটির বাকি তখনো অনেকটাই। দ্বিতীয় পর্বে গোল হলো পাঁচটি। ৫২ মিনিটে রয়েসকে দিয়ে শুরু, যোগ করা সময়ে আত্মঘাতী গোলে গোলবন্যার শেষ টেনেছেন লেগিয়ার ইয়াকুব রেজনিচাক। মাঝে গোল করেছেন পাসলাক। লেগিয়ার হয়েও পাল্টা জবাব দিয়েছেন কুচারচিক ও নিকোলিচ।
গ্রুপ পর্বে দুই দলের প্রথম ম্যাচটিও দেখেছিল গোলবন্যা। সেদিন অবশ্য ছয়টি গোলের সবগুলোই করেছিল ডর্টমুন্ড। এবার হারলেও তাই সন্তুষ্ট লেগিয়া স্ট্রাইকার প্রিয়োভিচ, ‘ডর্টমুন্ডের মতো বিশ্বসেরা দলের বিপক্ষে ৪ গোল করাও আমাদের জন্য অনেক বড় ব্যাপার।’ ডর্টমুন্ড কোচ টুখেলেরও অতৃপ্তি এখানে, ‘আমরা রক্ষণে অনেক বেশি জায়গা দিয়ে ফেলেছি। এর জন্য সমস্যায়ও পড়তে হয়েছে।’
এ যদি হয় অতৃপ্তি, তবে টুখেলের তৃপ্তির নাম—মার্কো রয়েস। চোটজর্জরিত মৌসুমে প্রথম খেলতে নেমেই ২ গোল। ডর্টমুন্ড কোচ বললেন, ‘অনেক অপেক্ষা করেছি আমরা। ওর ফেরাটা অসাধারণই হয়েছে।’
পাগলাটে জয়ে ডর্টমুন্ড শেষ ষোলো তো নিশ্চিত করেছেই, গ্রুপের শীর্ষেও আছে তারা। অবশ্য রিয়াল মাদ্রিদের সঙ্গে গ্রুপের শেষ ম্যাচটিতে হারলে অবস্থানটা বদলে যাবে। বিবিসি ও উয়েফা।