১২ পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে কি লিগ জিততে পারবে বার্সা
কার্লো আনচেলত্তির দাবি, লা লিগার শিরোপা জয়ের পথে এখনো টিকে আছে রিয়াল মাদ্রিদ। ইতালিয়ান কোচের দাবিকে মিথ্যা বলা যাচ্ছে না। ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে রিয়ালই যে শীর্ষে।
হাতে ৯ ম্যাচ রেখে দ্বিতীয় সেভিয়ার সঙ্গে ৬ পয়েন্ট এবং তৃতীয় বার্সেলোনার সঙ্গে ১২ পয়েন্ট ব্যবধানে এগিয়ে রিয়াল। শিরোপা জয়ের দৌড়ে সেভিয়া ও বার্সেলোনাকে অন্তত রিয়ালের চেয়ে এগিয়ে রাখা যাচ্ছে না।
কিন্তু কাল রাতে ‘এল ক্লাসিকো’য় রিয়ালের ৪-০ গোলে হারের পর ভাবনাটা পাল্টে যাচ্ছে। সেভিয়া দুইয়ে থাকলেও অনেকে এখন বার্সার শিরোপা জয়ের সম্ভাবনা দেখছেন। দলের দাপুটে জয়ে আশার প্রদীপ জ্বলেছে বার্সা–সমর্থকদের মনে। ইতিহাসও বলছে, এমন জায়গা থেকেও শিরোপা জয়ের নজির আছে।
১৯৯১-৯২ মৌসুমেই ২০ ম্যাচ পর্যন্ত ৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত বার্সার কাছে লিগ হারায় রিয়াল। তখন ম্যাচপ্রতি ছিল ২ পয়েন্ট। এখনকার মতো ৩ পয়েন্ট হলে ব্যবধান আরও বাড়ত। শুধু তা–ই নয়, ১০ পয়েন্টের বেশি ব্যবধানে শীর্ষ স্থানে থেকেও পরে লিগ শিরোপা জিততে না পারার ব্যর্থতায়ও পুড়েছে রিয়াল।
এবার আসা যাক বার্সার প্রসঙ্গে। জাভির দলের হাতে রয়েছে আর ১০ ম্যাচ। বার্সার প্রতিপক্ষ যথাক্রমে সেভিয়া, লেভান্তে, কাদিজ, রিয়াল সোসিয়েদাদ, রায়ো ভায়েকানো, মায়োর্কা, রিয়াল বেতিস, সেলতা ভিগো, হেতাফে ও ভিয়ারিয়াল। ২৩ মে লিগে নিজেদের শেষ ম্যাচটা খেলবে বার্সা।
রিয়ালের বাকি ৯ ম্যাচে প্রতিপক্ষ যথাক্রমে সেলতা ভিগো, হেতাফে, সেভিয়া, ওসাসুনা, এসপানিওল, আতলেতিকো মাদ্রিদ, লেভান্তে, কাদিজ ও রিয়াল বেতিস।
বার্সার সমীকরণটা মূলত রিয়ালের হার-জিতের ওপর নির্ভর করছে। বাকি পথে বার্সাকে আর কোনো পয়েন্ট হারানোর ঝুঁকি নেওয়া যাবে না। অন্যদিকে রিয়ালকে পয়েন্ট খোয়াতে হবে। অন্তত তিনটা ম্যাচ হারতে হবে। এই মৌসুমে ২৯ ম্যাচ খেলে আসার পথে রিয়াল হেরেছেই মাত্র ৩ ম্যাচ। বাকি ৯ ম্যাচে ৩ তিন ম্যাচ হারবে? আশাটা একটু বেশিই হয়ে যায় কি?
তবে বার্সার বিপক্ষে রিয়াল যেভাবে হার মানল, তাতে রিয়ালের খেলার ছন্দে এবং মানসিক শক্তিতে যে ফাটল ধরেছে, সেখান থেকে বার্সা–সমর্থকেরা আশা করতেই পারেন। আর আশার একটা জায়গাও আছে। এসপানিওল ও হেতাফের বিপক্ষে এবার প্রথম মুখোমুখিতে হেরেছে রিয়াল। দুটি দলের বিপক্ষেই ম্যাচ আছে রিয়ালের। এ দুটি দলের পাশাপাশি আরও একটি দল যদি বার্সার হয়ে ‘উপকার’টা করে দেয়, তাহলে মন্দ হয় না!
জাভির অধীন বার্সা ঘুরে দাঁড়িয়েছে। রিয়ালকে হারানোর পর মানসিকভাবে বার্সার খেলোয়াড়দের আরও চাঙা হয়ে ওঠার কথা। বার্সার সামনেও আছে কঠিন প্রতিপক্ষ। রায়ো ভায়েকানো ও রিয়াল বেতিসের বিপক্ষে এবার প্রথম মুখোমুখিতে হেরেছে বার্সা। এ দুটি দলের পাশাপাশি সেভিয়া ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষেও খেলতে হবে জাভির দলকে।
তবে রিয়াল কোচ আনচেলত্তি কিন্তু এখনো আশা দেখছেন মাদ্রিদের দলটির, ‘আমরা এখনো এগিয়ে আছি। তাই মাথা ঠান্ডা রাখতে হবে...৯ পয়েন্টের ব্যবধানটা বেশ বড়।’
সান্তিয়াগো বার্নাব্যুতে জয়ের পর বার্সা কোচ জাভির কথায়ও ঘটেছে বাস্তবতার প্রতিফলন, ‘আমরা এখানে শিরোপা জিতিনি। মাটিতে পা রেখে এখনো অনেক কাজ করার বাকি।’
বোঝাই যাচ্ছে, জাভি সামনের পথটা দেখছেন। বড় জয়ে রিয়ালের মানসিকতায় যেহেতু ফাটল ধরানো গেছে, সবার আগে নিজেদের কাজটা সেরে রাখতে হবে। এর পাশাপাশি বসতে হবে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারের প্রার্থনায়ও!