১২ পয়েন্টের ৫ হারিয়ে বসল চ্যাম্পিয়নরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবাহনী লিমিটেড-টিম বিজেএমসির ম্যাচটি হয়েছে ড্র। ছবি: শামসুল হক
আবাহনী লিমিটেড-টিম বিজেএমসির ম্যাচটি হয়েছে ড্র। ছবি: শামসুল হক

শেষ বাঁশি বাজতেই টিম বিজেএমসি ও আবাহনী লিমিটেডের খেলোয়াড়েরা মাঠে হাঁটু গেড়ে বসলেন। বিজেএমসির পাশবন মোল্লা-আকবর কাননদের মুখে গোলশূন্য ড্র করতে পারার স্বস্তি। আর আবাহনীর ইমন বাবু-এমেকা ডর্লিংটনদের চোখে মুখে ম্যাচ জিততে না পারার হতাশা। লিগ শুরুর প্রথম চার ম্যাচে ১২ পয়েন্টের পাঁচ পয়েন্ট হারিয়ে পিছিয়ে পড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী।
ম্যাচ শেষে আবাহনীর ক্রোয়েশিয়ান কোচের লাল মুখটা তাই পাকা টমেটোর মতো। শুরুতেই পাঁচ পয়েন্ট হারানোটা যে তাঁর দলকে ভোগাবে, নিজেও স্বীকার করে নিচ্ছেন মামিচ, ‘শুরুতেই পাঁচ পয়েন্ট হারিয়ে ফেললাম। এটা অবশ্যই আমাদের ভোগাবে। আশা করি, আমরা এখান থেকে ঘুরে দাঁড়াব।’
চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারানোর তাজা স্মৃতি আর শুক্রবার ছুটির দিনে আসা প্রচুর দর্শককে ফুটবল-বিনোদন দিতে মাঠে নেমেছিল ইমন বাবু, রুবেল মিয়া, এমেকারা। কিন্তু তাঁদের সামনে বাধা হয়ে দাঁড়ায় প্রতিপক্ষ রক্ষণাত্মক ট্যাকটিকস, সাইড পোস্ট ও কাদা মাঠ। শুরুটা হয় সাইড পোস্ট দিয়ে। ৩ মিনিটেই বক্সের বাইরে থেকে নেওয়া ইমন বাবুর প্লেসিং সাইড পোস্টে লেগে ফিরে আসে। দ্বিতীয় দফায় ৩৮ মিনিটে ল্যান্ডিংয়ের ফ্রি কিকও তাই।
আবাহনীকে ভোগায় কাদা মাঠও। আকাশি-নীলেরা যেভাবে বিল্ড আপ ফুটবল খেলে অভ্যস্ত, কাদা মাঠে তা অসম্ভব। রুবেল ,এমেকা, ল্যান্ডিংদের আক্রমণ তাই ক্ষুরধার হলো না। কাদা মাঠকে কাঠগড়ায় তুলছেন আবাহনী কোচ, ‘এই মাঠে ভালো ফুটবল সম্ভব নয়। একপাশে পুরো পানি। ভালো দলগুলোর জন্য এই মাঠে জেতা কঠিন।’
খাতা কলমে বা পারফরম্যান্সে আবাহনী ও বিজেএমসির শক্তির পার্থক্য অনেক। গোলশূন্য ড্রয়ে বিজেএমসি কোচ জাকারিয়া বাবুর ট্যাকটিকসের প্রশংসাও করতে হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সঙ্গে পারা যাবে না, হয়তো এটা মেনে নিয়েই গোল হজম না করার কৌশল নিয়েছিলেন তিনি। প্রথমার্ধে চারজন ডিফেন্ডারের সঙ্গে দুই হোল্ডিং মিডফিল্ডার গোলমুখ পাহারা দিয়েছে। দ্বিতীয়ার্ধে বিজেএমসি কৌশল তো পুরোই ‘ডেফথ ডিফেন্ডিং’। ‘মিডল করিডরে’ পায়ের জঙ্গল বানিয়ে গোলের দরজা বন্ধ করে দেওয়া। আবাহনীর আক্রমণভাগ সে ফাঁদে পা দিয়ে গোলমুখের জটলা আর কাটাতে পারেনি।
পূর্ণ পয়েন্ট না পেয়ে আবাহনী শিবিরে হতাশা। অন্যদিকে ১ পয়েন্ট পেয়ে বিজেএমসি যেন অক্সিজেন ফিরে পেয়েছে। চার ম্যাচ শেষে দুই ড্রয়ে বিজেএমসির অর্জন এখন ২ পয়েন্ট। সমান ম্যাচে আবাহনীর (ঢাকা) পয়েন্ট সাত। এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের সবার ওপরে চট্টগ্রাম আবাহনী ও শেখ জামাল।