১২ ফুটবলারকে নিয়ে তোলপাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ফুটবলে নজিরবিহীন এক দৃশ্য। শেখ জামাল ধানমন্ডির ফুটবল কমিটির প্রধান আশরাফউদ্দিন আহমেদ চুন্নু কাল বাফুফে ভবনে এলেন সাড়ম্বরে। নাটকীয় এক আবহে ১২টি আবেদনপত্রের সঙ্গে সমানসংখ্যক চেক তুলে দিলেন তিনি বাফুফের সাধারণ সম্পাদকের হাতে!
ওই আবেদনে দাবি করা হয়েছে, গত মৌসুমে শেখ জামালে খেলা ১২ জন ফুটবলার এখনো তাদেরই খেলোয়াড়—সোহেল, রায়হান, কেষ্ট, লিংকন, ইয়াসিন, ইয়ামিন, দিদার, নাসির, সোহেল রানা, জামাল ভূঁইয়া, মামুনুল, আলমগীর রানা। এই খেলোয়াড়েরা নতুন মৌসুমের জন্য ঢাকা আবাহনী, শেখ রাসেল ও চট্টগ্রাম আবাহনীর কাছ থেকে যে টাকা নিয়েছেন, সেটিই বাফুফের মাধ্যমে সংশ্লিষ্ট ক্লাবকে ফেরত দিতে চায় শেখ জামাল। গতবারও শেখ জামাল এভাবে তিনজনের টাকা ফেরত দিয়েছে বাফুফের মাধ্যমে।
কিন্তু প্রশ্ন হলো, মৌসুম অনেক আগে শেষ হয়ে গেলেও খেলোয়াড়েরা এখনো শেখ জামালের হয় কি না? বাফুফে একেক সময় একেক রকম কথা বলায় বিভ্রান্তি বাড়ছে।
পেশাদার লিগের বাইলজে পরিষ্কার কিছু বলা নেই। তবে কাল লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বললেন, ‘নতুন দলবদলের ফরম ছাড়ার দিন পর্যন্ত খেলোয়াড় নিজ নিজ ক্লাবেরই। ২৮ জানুয়ারি শুরু দলবদলের জন্য এবার আমরা ফরম ছাড়ব ২০ জানুয়ারি।’ বাফুফে বলছে, ক্লাব থেকে কে টাকা নিলেন তা দেখার বিষয় নয়। দলবদলের ফরমে যে দলের পক্ষে সই করবেন সেই দলই তাঁকে পাবে।
খুব ভালো কথা। কিন্তু বাফুফে ভবনে সালামের পাশে বসে শেখ রাসেলের কর্মকর্তা সালেহ জামান সেলিম প্রতিবাদের সুরে বলেন, ‘প্রতিটি খেলোয়াড়ের আলাদা চুক্তি আছে ক্লাবের সঙ্গে। সেখানে সময়টা বলা আছে ভালোভাবেই। কাজেই কখন খেলোয়াড় মুক্ত হয়েছে সেটা ফরমেই লেখা আছে। দলবদলের ফরম ছাড়ার দিন পর্যন্ত নয়।’
একাধিক খেলোয়াড়ও একই কথা বলেছেন। ফরম দেখলেই আসলে বোঝা যাবে সবকিছু। এমনিতে দলবদল মানে এক মৌসুম থেকে আরেক মৌসুম—বাংলাদেশে এটাই রীতি। তবে শেখ জামালের খেলোয়াড়েরা বলছেন, তাঁদের কারও চুক্তি আগস্ট, কারও চুক্তি সেপ্টেম্বরে শেষ। কাজেই তাঁরা অন্য ক্লাব থেকে টাকা নিতেই পারেন। একাধিক খেলোয়াড় অভিযোগ করেছেন, শেখ জামাল কর্তারা নাকি খেলোয়াড়দের একটা রুমে আটকে ভয় দেখিয়ে জোর করে কাগজে সই করিয়েছে!
যদিও তা অস্বীকার করেছেন চুন্নু, ‘জোর করার প্রশ্নই আসে না। এরা আমাদের খেলোয়াড়। আমাদের দলেই খেলবে। অন্য ক্লাব থেকে নেওয়া টাকা আমরা ফেরত দিলাম এই যা।’ হঠাৎ শেখ জামালের এত তৎপর হওয়ার কারণ ক্লাবের আর্থিক সমস্যাটা নাকি কেটে গেছে। এই সমস্যাতেই বড় বাজেটে দল গড়ার ব্যাপারে এত দিন অনীহা দেখিয়েছেন কর্তারা। এখন সক্রিয় হওয়ায় ফুটবল হয়ে উঠল সরগরম।
সাফে ভরাডুবি হয়েছে তো কী, ঘরোয়া ফুটবলে খেলোয়াড়দের মূল্য বাড়ছে। খেলোয়াড়দের নিয়ে চলছে বিস্তর টানাটানিও। এর শেষ কোথায় তা দেখে ১২ খেলোয়াড়ের ব্যাপারে সিদ্ধান্ত জানাবে বাফুফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি।