১২ বছর পর কলম্বিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪ সালের পর কোপা আমেরিকার সেমিফাইনালে আর উঠতে পারেনি কলম্বিয়া। টাইব্রেকার নামের রুদ্ধশ্বাস নাটকের পর সেই গেরো কাটল। টাইব্রেকারে পেরুকে ৪-২ ব্যবধানে হারিয়ে কোপার সেমিফাইনালে উঠে গেছে কলম্বিয়া।
কলম্বিয়ার এই কৃতিত্বের অনেকটাই প্রাপ্য ডেভিড অসপিনার। নির্ধারিত সময়ে কলম্বিয়ার গোলরক্ষকই জিততে দেননি পেরুকে। শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে কর্নার থেকে পাওয়া বলে পেরুর ক্রিস্তিয়ান রামোসের হেড দারুণ দক্ষতায় বাঁচিয়ে দেন অসপিনা। পরে টাইব্রেকারেও তিনি ত্রাতা হয়েছেন দলের। প্রথম দুটি শটেই দুই গোল পাওয়ার পর পেরুর মিগুয়েল ত্রাওকোর নেওয়া তৃতীয় শট ঠেকিয়ে দিয়েছেন। পেরুর পরের শটটা ক্রিস্টিয়ান কুয়েভা বারের ওপর দিয়ে মারলে নিশ্চিত হয় কলম্বিয়ার জয় (৪-২ ব্যবধানে)।
কলম্বিয়ার কোয়ার্টার ফাইনালের নায়ক অসপিনা এখন দলকে নিয়ে যেতে চান ফাইনালে, ‘আমি দলের জন্য কিছুটা অবদান রেখেছি, তবে আমরা আরও সামনে এগিয়ে যেতে চাই। ফাইনালে আমরা যেতেই পারি। যদিও সেমিফাইনালে যে দলকেই পাই না কেন, পরীক্ষাটা আমাদের কঠিনই হবে।’ কলম্বিয়ার সবচেয়ে বড় তারকা হামেস রদ্রিগেজের কণ্ঠেও অসপিনার প্রতিধ্বনি, ‘আমাদের লক্ষ্য ছিল অন্তত সেমিফাইনাল পর্যন্ত যাওয়া। সেটা পেরেছি। এখন আমরা ফাইনালে যেতে চাই।’ সেমিতে কলম্বিয়ার প্রতিপক্ষ কে, সেটা আজ সকালেই জেনে যাওয়ার কথা। চিলি ও মেক্সিকো ম্যাচের বিজয়ী দলের সঙ্গেই খেলবে কলম্বিয়া।
কলম্বিয়া-পেরু কোয়ার্টার ফাইনালটা হতাশই করেছে ইস্ট রাদারফোর্ডের মেটালাইফ স্টেডিয়ামের ৮০ হাজার দর্শককে। ম্যাড়মেড়ে ম্যাচের ৯০ মিনিটে কোনো গোল হয়নি। গোলের সত্যিকারের সুযোগ সৃষ্টি হয়েছিল মাত্র দুবার। ২১ মিনিটে কলম্বিয়ান মিডফিল্ডার রদ্রিগেজের দুর্দান্ত একটা শট প্রতিহত হয়েছে পোস্টে। আর তো শেষ বাঁশির আগে পেরুর রামোসের ওই হেড! এএফপি।