১২ মাসে হতাশা ছাড়া কী পেল রিয়াল মাদ্রিদ?

আর চার দিন। এর পরই শেষ ২০১৫। সময়টা তাই এখন পেছনে ফিরে দেখার, পুরো বছরে কী কী অর্জন, কত ব্যর্থতা, বছর শুরুর প্রতিশ্রুতির কতটুকু পূরণ হয়েছে সব হিসেব নিকেশ মেলানোর। সেই সালতামামি একটু তেতো স্বাদই দেবে রিয়াল মাদ্রিদকে। পুরো বছরজুড়েই যে একের পর এক হতাশা সঙ্গী হয়েছে মাদ্রিদের রাজকীয় অংশে।
বছরটা শিরোপা শূন্য কেটেছে রিয়ালের। সেটি সমস্যা নয়, খেলায় তো এমন হতেই পারে। কিন্তু তার চেয়েও বেশি রোনালদোদের বুকে কাঁটা হয়ে বিঁধবে বছরজুড়ে একের পর এক বিতর্ক, সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে হার। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা তুলে ধরেছে পুরো বছরজুড়ে প্রতি মাসে রিয়ালের ব্যর্থতা আর বিতর্কের এসব গল্প ...
জানুয়ারি: ২০১৪ এর ডিসেম্বর পর্যন্ত দুর্দান্ত একটা সময় পার করছিল রিয়াল । ক্লাব বিশ্বকাপ জয়, টানা ২২ ম্যাচে জয়ের রেকর্ড— কত অর্জন! কিন্তু শুরুতেই হোঁচট। ভ্যালেন্সিয়ার মাঠ বছরের প্রথম ম্যাচে ২-১ গোলে হেরে গেল রিয়াল। শুরুতেই বোধহয় গোটা বছরের একটা আভাস মিলেছিল। ওই ম্যাচের কদিন পর ফার্নান্দো তোরেসের জোড়া গোলে রিয়ালের বিদায় কোপা ডেল রে থেকেও।
ফেব্রুয়ারি: বছরের প্রথম বিতর্ক। সেটিও দলের সবচেয়ে বড় তারকাকে ঘিরে— ক্রিস্টিয়ানো রোনালদোর জন্মদিন উৎসব। দুদিন পর অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ম্যাচ, ‘ডার্বি’র সঙ্গে যে ম্যাচে যোগ হয়েছিল কোপা ডেল রের প্রতিশোধের আমেজ; তার আগের দিন কি না দলের খেলোয়াড়েরা সারারাত মজা করল রোনালদোর জন্মদিনের পার্টিতে! অবশ্য বিতর্ক হতো না, যদি ম্যাচের ফলটা পক্ষে আসত! সিমিওনের দলের কাছে ৪-০ গোলে হেরে গিয়েছিল রিয়াল।
মার্চ: ভিয়ারিয়ালের সঙ্গে ড্র, অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হার— লিগের শীর্ষস্থানটা প্রথমবারের মতো হাতছাড়া হয়ে গেল রিয়ালের। তার চেয়েও বড় আঘাত - মাসের শেষ ম্যাচে ন্যু ক্যাম্পে বার্সেলোনার কাছে হার! সঙ্গে যোগ হলো চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বাদ পড়তে পড়তে কোনোমতে বেঁচে যাওয়ার অস্বস্তি। প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে থেকেও ঘরের মাঠে শালকের কাছে ৪-৩ গোলে হেরে গিয়েছিল রিয়াল।
এপ্রিল: বছরের এই মাসটিতেই হতাশাকে দূরে ঠেলতে পেরেছিল রিয়াল। ধারে আসা হাভিয়ের চিচারিতোর শেষ মুহূর্তের গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠে গিয়েছিল রিয়াল। তবে এই মাসে রিয়ালের ভাগ্যাকাশে ছিল চোটের ঘনঘটা। চোটের কারণে মৌসুমের বাকি সময়ের জন্য লুকা মদরিচকে হারিয়েছিল রিয়াল। যেটি পরে অনেক ভুগিয়েছে তাদের।
মে: ‘লা উনদেসিমা’ (১১ তম চ্যাম্পিয়নস লিগ) জয়ের স্বপ্নের সমাধি। জুভেন্টাসের কাছে হেরে বাদ সেমিফাইনাল থেকে। তাও কার গোলে? রিয়ালেরই একাডেমিতে বেড়ে ওঠা স্ট্রাইকার আলভারো মোরাতা। এর খেসারত দিতে হয়েছিল কার্লো আনচেলত্তিকে। মাসের শেষ দিকে সমর্থকদের বিহ্বল করে দিয়ে এই ইতালিয়ান কোচকে বরখাস্ত করে রিয়াল।
জুন: রাফায়েল বেনিতেজের আগমন। এটিকে সাফল্য বা ব্যর্থতা হিসেবে দেখা একান্তই রিয়াল ভক্তদের ব্যক্তিগত মতামত। তবে এই মাসের ‘মাসিক বিতর্কে’ মূল চরিত্র সার্জিও রামোস। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে বনিবনা না হওয়ায় চুক্তিতে সই করতে চাননি এই ডিফেন্ডার।
জুলাই: ২৫ বছরের স্মৃতি আর আবেগকে একপাশে রেখে ঘরের ছেলে ইকার ক্যাসিয়াসের বিদায়। তাতেও কত নাটক! প্রথমবার যখন বিদায়ের ঘোষনা দিলেন ক্যাসিয়াস, সংবাদ সম্মেলনে তিনি এলেন একা! রিয়ালের ‘পরিচয়’ বনে যাওয়া একজনের এভাবে বিদায় নিয়ে অনেক সমালোচনার মুখে আবারও ‘ক্যাসিয়াস বিদায় নাটক’ মঞ্চস্থ করলেন পেরেজ। এতে লাভ? ফুটবল বিশ্বে নিজেকে মোটামুটি হাস্যকর একটা কার্টুনে পরিণত করতে ‘সফল’ হয়েছেন রিয়াল সভাপতি।
আগস্ট: দায়িত্ব নিতে না নিতেই বেনিতেজের সঙ্গে সম্পর্ক শীতল হয়ে গেল রিয়ালের তারকাদের। প্রাক মৌসুমও কাটল উত্থান-পতনে। এর প্রভাবেই কিনা, মৌসুমের প্রথম ম্যাচেই হোঁচট খেল রিয়াল। গোলশূন্য ড্র করেছে স্পোর্টিং গিজনের সঙ্গে।
সেপ্টেম্বর: দলবদলের সময় শেষ হলো মাসের প্রথম দিনে। এবং আরেকবার হাসির পাত্র পেরেজ ও রিয়াল। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে গোলরক্ষক ডেভিড ডি গেয়াকে নিয়ে আসার জন্য নাটকের ফলটা খুব একটা সুখকর হলো না রিয়ালের জন্য।
অক্টোবর: বেনিতেজের অধীনে প্রথম বড় ম্যাচ। তাতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করল রিয়াল। এই ম্যাচের পরই স্প্যানিশ কোচের রক্ষণাত্মক কৌশলের সমালোচনা করেছিলেন দলের তারকারা।
নভেম্বর: হতাশা বোঝাতে শুধু একটা স্কোরলাইনই যথেষ্ট— ‘রিয়াল মাদ্রিদ ০: ৪ বার্সেলোনা।’ এর সঙ্গে মাঠের বাইরে করিম বেনজেমার সেক্স টেপ ফাঁসের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগটাও রিয়ালের ইমেজের জন্য একটা ধাক্কা হয়ে এসেছে।
ডিসেম্বর: কোপা দেল রেতে এক ম্যাচ নিষিদ্ধ ডেনিস চেরিশেভকে খেলানোর দায়ে বাদ পড়ে যেতে হলো কোপা দেল রে থেকে। অবশ্য কদিন আগেই লিগে রায়ো ভায়েকানোকে ১০-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে রিয়াল। দেখা যাক, এখান থেকেই নতুন কোনো শুভসূচনা হয় কিনা!