১২ ম্যাচ নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে রোনালদো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাল কার্ডের সিদ্ধান্ত মানতেই পারছিলেন না রোনালদো, কিন্তু প্রতিবাদের ভাষাটা বেশি উগ্র হওয়ায় এখন ১২ ম্যাচ নিষিদ্ধের ঝুঁকিতে। ছবি: এএফপি
লাল কার্ডের সিদ্ধান্ত মানতেই পারছিলেন না রোনালদো, কিন্তু প্রতিবাদের ভাষাটা বেশি উগ্র হওয়ায় এখন ১২ ম্যাচ নিষিদ্ধের ঝুঁকিতে। ছবি: এএফপি

পেনাল্টির আবেদন করেছিলেন। রেফারি বাঁশিও বাজিয়েছিল। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর বিপক্ষে! গোল করার মাত্র দুই মিনিট পরেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো রোনালদোকে। সিদ্ধান্তের প্রতিবাদে হতাশায় মাঠেই রেফারিকে পিঠের দিক থেকে ধাক্কা মেরেছিলেন। বুধবারের ফিরতি লেগ খেলা হচ্ছে না—এটা নিশ্চিত। তবে রোনালদোকে পেতে হতে পারে আরও বড় শাস্তি।

রেফারি রিকার্দোস দে বার্গোস বেনগোয়েক্সিয়া তাঁর ম্যাচ রিপোর্টে বিষয়টি উল্লেখ করেছেন। তাতে তিনি রোনালদোর নাম উল্লেখ করে লিখেছেন, ‘লাল কার্ড দেখানোর পর সে আমাকে সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবে হালকা ধাক্কা মেরেছে।’

রোনালদো ধাক্কাটি তেমন জোরে আসলেই মারেননি। কিন্তু এর জন্যই বড় শাস্তি হতে পারে তাঁর। কারণ স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ৯৬ ধারা অনুযায়ী, কোনো খেলোয়াড় রেফারির দিকে সামান্য উগ্র আচরণ করলেও সেটি অপরাধ। এই ধারায় স্পষ্ট করে বলা আছে, সামান্য উগ্রভাবে হলেও রেফারিকে ধরা, ধাক্কা বা ঝাঁকুনি দেওয়া হবে না। যার শাস্তি ৪ থেকে সর্বোচ্চ ১২ ম্যাচের নিষেধাজ্ঞা।

রোনালদো কয় ম্যাচ নিষিদ্ধ হন, সেটি শিগগিরই জানা যাবে যখন ডিসিপ্লিনারি কমিটি বিষয়টি খতিয়ে দেখবে। ৪ ম্যাচ নিষিদ্ধ হলে তা শুধু সুপার কোপার জন্য প্রযোজ্য হবে। কিন্তু ৫ কিংবা এর বেশি ম্যাচ যদি নিষিদ্ধ হন, তাহলে লা লিগাসহ স্পেনের বাকি সব টুর্নামেন্টেও তা প্রযোজ্য হবে। সূত্র: গোল।