১২ ম্যাচে চোটে রিয়ালের নয়জন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক মাসের জন্য ছিটকে গেছেন বেল। ছবি: রয়টার্স
এক মাসের জন্য ছিটকে গেছেন বেল। ছবি: রয়টার্স

বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ধাপ শুরু হচ্ছে আজ। বাছাইপর্ব মানেই ক্লাব ফুটবলে ‘ফিফা ভাইরাসের’ শঙ্কা। জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোটে পড়েন খেলোয়াড়েরা। তবে এই মুহূর্তে জিনেদিন জিদানের চেয়ে আতঙ্কে বোধহয় আর কেউই নেই। একটু এদিক-ওদিক হলেই যে মাঠে রিয়ালের ১১ জন খেলোয়াড় নামাতেই ঝামেলায় পড়ে যাবেন তিনি। মৌসুম শুরু হতে না হতেই যে চোটাঘাতে জর্জরিত রিয়াল-শিবির।

মৌসুম শুরু হয়েছে দুই মাস হলো। কিন্তু এখন পর্যন্ত নিজের পছন্দের একাদশ নামাতে পারেননি জিদান। নামাবেন কীভাবে? একের পর এক চোট এসে যে কেড়ে নিচ্ছে তাঁর খেলোয়াড়দের। স্প্যানিশ সুপার কাপে পাওয়া পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা রোনালদোকে নামতে দেয়নি প্রথম পাঁচ ম্যাচ। রোনালদো মাঠে ফেরার আগেই চোটে ছিটকে গেছেন করিম বেনজেমা। রোনালদো স্কোয়াডে ফেরার আগেই ক্লাবের ‘রিকভারি রুমে’ জায়গা হয়েছে জেসুস ভায়েহো, রাফায়েল ভারানে ও মাতেও কোভাচিচদের।
মাত্র এক ম্যাচে মূল একাদশে জায়গা পেয়েছিলেন এবারই দলে আসা থিও হার্নান্দেজ। চোট পেয়ে ছিটকে গেছেন তিনিও। ফিটনেস নিয়ে যার ওপর সব সময় আস্থা রাখা যায়, সেই টনি ক্রুসও এর মধ্যে চোটের কারণে খেলতে পারেননি একটি ম্যাচ। রক্ষণে দলের সমস্যা বাড়িয়ে থিওর পর চোটে পড়েছেন সহ-অধিনায়ক মার্সেলো। সেটিও লম্বা সময়ের জন্য। নাচোকে দিয়ে যখন ঠেকার কাজ চালাচ্ছেন জিদান, এর মাঝেই এল সবচেয়ে বড় ধাক্কা। হৃৎপিণ্ডে সংক্রমণে অনির্দিষ্টকালের জন্য ছিটকে গেছেন রাইটব্যাক কারভাহাল।

অনুশীলনে এমন কিছু দেখতে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে রিয়াল সমর্থকদের। ছবি: রয়টার্স
অনুশীলনে এমন কিছু দেখতে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে রিয়াল সমর্থকদের। ছবি: রয়টার্স

এসপানিওলের বিপক্ষে ১৮ বছরের আশরাফ হাকিমিকে নামিয়ে দিয়েছিলেন জিদান। সে ম্যাচে গ্যারেথ বেলকে নামাননি কোচ, আগের ম্যাচেই একটু অস্বস্তি বোধ করায় বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। অনেক দিন পর ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন বেল, এমন অবস্থায় ঝুঁকি নিতে চাননি রিয়াল কোচ। সে আশার গুড়েও বালি। কাল নিশ্চিত হয়ে গেছে, এক মাসের জন্য আবারও মাঠের বাইরে বেল!
মৌসুমে মাত্র ১২ ম্যাচ খেলেছে রিয়াল। এর মধ্যেই নয়জন খেলোয়াড় চোট পেয়েছেন। আগামী দুই সপ্তাহ দেশের জার্সিতে মাঠ দাপাবেন ইস্কো, মদরিচ, রামোস, এসেনসিও, নাচো কিংবা হাকিমিরা। রোনালদো, নাভাসরাও দলকে বিশ্বকাপে নেওয়ার দায়িত্ব নিয়ে থাকবেন মাঠে। চোট কাটিয়ে ফেরা ভারানে, ক্রুসকে নিয়েও ‘ফিফা ভাইরাসের’ ভয় আছে। ভাগ্য আরও খারাপ হলেই স্কোয়াডের অর্ধেকের বেশি খেলোয়াড়ই চোটাক্রান্ত হয়ে পড়বে।
লিগে বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল। এমন অবস্থায় স্কোয়াড নিয়ে এমন দুশ্চিন্তা! আগামী দুই সপ্তাহ মহা দুশ্চিন্তাতেই সময় কাটবে জিদানের।