১২০ ঘণ্টার ফুটবল ম্যাচ!
একটা ফুটবল ম্যাচ কতক্ষণ ধরে চলে? ভাবছেন, এটা আবার কেমন প্রশ্ন! ৯০ মিনিট, খুব বেশি হলে ১২০ মিনিট হতে পারে একটা ম্যাচ। কিন্তু যদি বলা হয়, মিনিট নয়, একটা ফুটবল ম্যাচের দৈর্ঘ্য হতে যাচ্ছে ১২০ ঘণ্টা; পাগলামি মনে হতে পারে।
টানা পাঁচ দিনের বলেই এই ম্যাচটা হতে যাচ্ছে ১২০ ঘণ্টার। আপাত এই অসম্ভবের পেছনে ছুটছেন চিলির ক্রিস্টোফার তোসেলি ও ব্রায়ান কারাসকো। ছুটছেন আসলে বিশ্ব রেকর্ডের দিকে। চিলির আরও প্রায় তিন হাজার অপেশাদার ফুটবলারের সঙ্গে মিলে সবচেয়ে লম্বা ফুটবল ম্যাচের রেকর্ড ভাঙতে চাচ্ছেন দুজন। বর্তমান রেকর্ডটাও বছর খানেক পুরোনো, গত বছর স্কটল্যান্ডে হয়েছিল ১০৫ ঘণ্টার ফুটবল ম্যাচ।
সান্তিয়াগোর বাইসেন্টেনারি স্টেডিয়ামে পাঁচ দিনের এই ম্যারাথন ফুটবল-উৎসব শেষ হবে আগামী রোববার। খেলোয়াড়দের অবশ্য খুব কষ্ট করতে হবে না। ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হবে। তবে নিয়মও আছে, একজন খেলোয়াড় মাঠে নামলে তাঁকে কমপক্ষে এক ঘণ্টা খেলতেই হবে। রয়টার্স।