১২৬ পর এমন 'হারু পার্টি'র দেখা মিলল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মৌসুমে স্কটিশ লিগে ওঠার আনন্দে মেতেছিল ব্রেচিন, কিন্তু আনন্দটা বিস্বাদে রূপ নিয়েছে এক মৌসুমে। ফাইল ছবি
গত মৌসুমে স্কটিশ লিগে ওঠার আনন্দে মেতেছিল ব্রেচিন, কিন্তু আনন্দটা বিস্বাদে রূপ নিয়েছে এক মৌসুমে। ফাইল ছবি

১৮৯০-৯১ সালে শুরু স্কটিশ ফুটবল লিগ। পরের মৌসুমে একটি ‘রেকর্ড’ সঙ্গী হয় ভেইল অব লেভেনের। কী সেই রেকর্ড? জয় ছাড়াই পুরো মৌসুম শেষ করা। স্কটিশ ফুটবলের দ্বিতীয় মৌসুমে ২২ ম্যাচ খেলে একটিতেও জয়ের দেখা পেতে ব্যর্থ হয়েছিল ভেইল অব লেভেন! এক, দুই করে যে রেকর্ডের ১২৬ বছর পেরিয়ে গেছে। কিন্তু রেকর্ডটি এতদিন অক্ষতই রয়ে গিয়েছিল।

অবশেষে আরেক ‘ভেইল অব লেভেন’-এর দেখা পেল স্কটিশ লিগ। এবারের মৌসুমে ৩৬ ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি ব্রেচিন সিটি! প্রথমবারের মতো স্কটিশ ফুটবলের দ্বিতীয় স্তরে খেলতে এসে হেরেছে ৩২টিতেই। এমন ফলের পর রেকর্ডের পাশাপাশি অবধারিতভাবে অবনমনও সঙ্গী হয়েছে ব্রেচিনের। একটা ক্ষেত্রে অবশ্য ভেইল অব লেভেনকে পেছনে ফেলে দিয়েছে ব্রেচিন সিটি। ভেইল অব লেভেন পেয়েছিল ৫ পয়েন্ট। ব্রেচিন সিটি ৪।

স্কটিশ ফুটবলের ইতিহাসে যেকোনো স্তরে এটি সর্বনিম্ন পয়েন্টের রেকর্ড। লেভেনের চেয়ে অবশ্য একটি জায়গায় এগিয়ে দলটি। ২২ ম্যাচে লেভেনের জালে ঢুকেছিল ৯৯ গোল, আর ৩৬ ম্যাচে ব্রেচিন গোল খেয়েছে ৯০টি। এমন ‘দুর্দান্ত’ এক মৌসুম কাটানোর পর ব্রেচিনের কোচ ড্যারেন ডডসের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন জাগছে? সেই প্রশ্নের উত্তর দিয়েছেন ব্রেচিনের সভাপতি কেন ফার্গুসন, ‘কোচ ছাঁটাই করা ক্লাব হিসেবে কখনোই ব্রেচিনের পরিচিতি ছিল না।’ ড্যারেন ডডসের ভাগ্য বটে!