১৩ বছর পর, আগুয়েরোর পথ ধরে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুয়েরো ও গাস্তন দেল কাস্তিয়ো। ছবি: সংগৃহীত।
আগুয়েরো ও গাস্তন দেল কাস্তিয়ো। ছবি: সংগৃহীত।

২০০৩ সালের কথা। আর্জেন্টাইন ক্লাব ইন্দিপেন্দিয়েন্তের হয়ে প্রথমবারের মতো মাঠে নেমেছেন ১৫ বছর ৩৫ দিন বয়সী এক কিশোর। এর চেয়ে কম বয়সে আর্জেন্টাইন লিগে মাঠে নামার রেকর্ড আর কারও নেই। সেই কিশোর ইন্দিপেন্দিয়েন্তেতে তো আলো ছড়িয়েছেনই, প্রতিভা-প্রতিশ্রুতিকে পূর্ণতা দিয়ে এখন দাপিয়ে বেড়াচ্ছেন ইউরোপের মাঠও। নাম? সার্জিও আগুয়েরো।

হঠাৎ আগুয়েরোর অতীত টেনে আনা কেন? ১৩ বছর পর যে আর্জেন্টাইন স্ট্রাইকারের পথ ধরে একই ক্লাবের সিনিয়র দলে অভিষেক হতে যাচ্ছে তাঁর ছোট ভাই গাস্তন দেল কাস্তিয়োর। সবকিছু ঠিক থাকলে আগামীকাল রেসিং ক্লাবের সঙ্গেই মাঠে নামতে পারেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড। গত সপ্তাহে ভেলেজ সার্সফেল্ডের সঙ্গে ম্যাচের আগে কাস্তিয়োকে সিনিয়র দলের অনুশীলনে ডেকেছিলেন ইন্দিপেন্দিয়েন্তে কোচ মরিসিও পেলেগ্রিনো। শেষ পর্যন্ত ওই ম্যাচে মাঠে নামা হয়নি। তবে অপেক্ষাটা সম্ভবত আর দীর্ঘ হচ্ছে না।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর এমন ধারণার পেছনে অবশ্য যুক্তিও আছে। গত সপ্তাহে যখন ইন্দিপেন্দিয়েন্তের মূল দলের অনুশীলনে ডাকা হয় কাস্তিয়োকে, ক্লাবটির রিজার্ভ দলের ম্যাচে থাকা খেলোয়াড়দের ততক্ষণে নাম ঘোষণা হয়ে গেছে তাঁর। কোচ পেলেগ্রিনো তাই রিজার্ভ দলের কোচকে অনুরোধ করলেন যেন কাস্তিয়োকে বেশিক্ষণ খেলানো না হয়। অল্প কয়েক মিনিটই খেলেছেন ১৮ বছর বয়সী আর্জেন্টাইন, কিন্তু তাতেই পেলেগ্রিনোর খুশি হওয়ার উপকরণ ছিল। দুর্দান্ত খেলেছেন, একবার তো গোল করার খুব কাছেও চলে গিয়েছিলেন। শুধু বারটা বাধা হয়ে দাঁড়ানোয় স্কোরশিটে নাম ওঠানো হয়নি আগুয়েরো অনূজের।


সব মিলিয়ে কাস্তিয়োকে নিয়ে ইন্দিপেন্দিয়েন্তের আশা অনেক বড়। চেহারায় আগুয়েরোর সঙ্গে মিল আছে তাঁর, খেলার ধরণও নাকি অনেকটা একই রকম। অগ্রজের পায়ের ছাপ রেখে যাওয়া পথে ১৩ বছর পর প্রথম পা ফেলার অপেক্ষায় তিনি। পদক্ষেপগুলো মিলিয়ে নিতে পারলে হয়তো সাফল্যেও আগুয়েরোর সঙ্গে মিলটা ধরে রাখতে পারবেন কাস্তিয়ো। সূত্র: গোলডটকম।