১৩ বছর পর মোনাকো...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিলিয়ান বাপ্পে
কিলিয়ান বাপ্পে

নিষ্পাপ হাসিটা দেখে বিভ্রান্ত হবেন না, হাসির আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ংকর শিকারি। কিলিয়ান বাপ্পে নামের সদ্য কৈশোর পেরোনো এই স্ট্রাইকার যে মুগ্ধ করেই যাচ্ছেন। পরশু বাপ্পের রেকর্ড গড়া গোলেই প্রথম ধাক্কা খেয়েছিল বরুসিয়া ডর্টমুন্ড। সে ধাক্কা আর সামলাতে পারেনি তারা। মোনাকোর মাঠে ৩-১ গোলে (দুই লেগ মিলিয়ে ৬-৩) হেরে বিদায় নিয়েছে ডর্টমুন্ড। ১৩ বছর পর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে মোনাকো।
প্রথম লেগের বোমা হামলা-ধাক্কা সামলে ৩-২ গোলে হার। ফিরতি লেগে নিরাপত্তার কারণে স্টেডিয়ামে পৌঁছাতে ২০ মিনিট দেরি। কিছুই পক্ষে যায়নি ডর্টমুন্ডের। ম্যাচের শুরুতে মার্ক বার্ত্রাকে দেখে উঠে দাঁড়িয়েছিল স্টেডিয়াম-ভর্তি দর্শক। অভ্যর্থনা-পর্ব শেষ তিন মিনিটেই। বেঞ্জামিন মেন্দির জোরালো শটে ফিরতি বল থেকে সুযোগসন্ধানী বাপ্পের গোল। এই গোলেই কত অর্জন! কোয়ার্টার ফাইনালের দুই লেগেই গোল করা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় বাপ্পে। চ্যাম্পিয়নস লিগে কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে পাঁচ গোল তাঁর। আর মাত্র আঠারো পেরোনো বাপ্পের বয়সের কথাও যদি ভুলে যান, ইউরোপের সবচেয়ে সম্ভ্রান্ত প্রতিযোগিতায় নিজের প্রথম চার ম্যাচেই গোল করার অবিশ্বাস্য কীর্তিটাও শুধু বাপ্পের।
১৭ মিনিটে দুর্দান্ত এক হেডে রাদামেল ফ্যালকাও ব্যবধানটা বাড়িয়ে দিলেন আরও। দ্বিতীয়ার্ধের শুরুতে মার্কো রয়েসের গোলটা ডর্টমুন্ডকে আশা জাগালেও ৮১ মিনিটে সব শেষ করে দিয়েছেন ভ্যালেরে জার্মেই। ম্যাচে নিজের প্রথম ছোঁয়াতেই গোল করেছেন এই স্ট্রাইকার। সূত্র: মার্কা।