১৩ বছরের জয়খরা কাটবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ

বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচ প্রসঙ্গ এলেই স্মৃতিতে ভেসে ওঠে সেই চিরসুখকর স্কোরলাইন। বাংলাদেশ ৮: মালদ্বীপ ০! ১৯৮৫ সাফ গেমসে স্বাগতিক বাংলাদেশ গুঁড়িয়ে দিয়েছিল মালদ্বীপকে। কিন্তু আজকের দিনে এমন একপেশে জয় কল্পনায়ও দেখে না বাংলাদেশ। মালদ্বীপের কাছে হারের শঙ্কাই বরং বেশি থাকে।

গত দুটি সাফে মালদ্বীপ বুঝিয়ে দিয়েছে আগের সেই দিন নেই। ২০১১ দিল্লি ও ২০১৫ কেরালা সাফে বাংলাদেশের হার ৩-১ গোলে। ঘরের মাঠে মালদ্বীপের জয়ের সম্ভাবনা তো আরও বেশি। তাই আজ মালে স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচে স্বাগতিকেরাই এগিয়ে।

বাংলাদেশ উজ্জীবিত হতে পারে পরিসংখ্যানের আলোয়। মালদ্বীপের সঙ্গে ১২ ম্যাচের চারটিতে জয় লাল-সবুজের। তিনটি হার ও পাঁচটি ড্র।সর্বশেষ ড্র ২০০৩ ঢাকায় সাফের ফাইনালে। ১-১ সেই ম্যাচ পরে টাইব্রেকারে জিতে শিরোপা ঘরে তোলে বাংলাদেশ। ২০০০ সালের ৪ মে মালের গোল্ডেন জুবিলি টুর্নামেন্টে ১-১। ইংল্যান্ডের মার্ক হ্যারিসন ছিলেন বাংলাদেশের কোচ।

সেই মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের সর্বশেষ জয় ২০০৩ সালে ঢাকা সাফে। গ্রুপ পর্বে আরিফ খান জয়ের শেষ মুহূর্তের গোলে ১-০। পরের আটটি ম্যাচে আর জয় আসেনি। ১৩ বছর ধরে অধরা জয়ের খোঁজে আজ বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু ম্যাচে লাল-সবুজের বড় প্রেরণা কোচ সেন্টফিট। এই বেলজিয়ান আজই প্রথম দাঁড়াবেন বাংলাদেশের ডাগআউটে, সদ্য বাবা হওয়ার সুখানুভূতি নিয়ে।

কিন্তু সমস্যা হলো, সেন্টফিটের চার দিন দলের সঙ্গে না থাকা। তাঁর নিজের ভাষায়, ‘একটু গ্যাপ তৈরি হয়ে গেছে।’ মালেতে টানা বৃষ্টির কারণে অনুশীলনটাও ঠিকঠাক করা যায়নি। কোচ তাই কাল বিকেলে মাঠে টেকনিক্যাল এবং রাতে তাত্ত্বিক ক্লাস নিয়েছেন। তাঁর লক্ষ্য জয়। তবে ড্রটাও তাঁর কাছে খারাপ ফল নয়, ‘মালদ্বীপ খুব ভালো দল। ওদের সঙ্গে জিতলে দারুণ হবে। ড্র-ও আমার কাছে সন্তোষজনক ফল।’

তবে ৬ সেপ্টেম্বর ঢাকায় এশিয়ান কাপের প্রথম প্লে-অফে ভুটানের বিপক্ষে বাংলাদেশ জয় পেতে মরিয়া। মালদ্বীপের সঙ্গে এই প্রীতি ম্যাচ সেটারই প্রস্তুতি। আর এতে বাংলাদেশ দলের জয় দেখতে চান প্রবাসীরা।

তবে বাস্তবতা বলছে, এখন সব দিক দিয়েই মালদ্বীপ পেছনে ফেলেছে বাংলাদেশকে। যদিও ২০০৮ সাফে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর আর কোনো ট্রফি জেতেনি মালদ্বীপ। এ বছরই শুরুর দিকে ঢাকায় বঙ্গবন্ধু গোল্ডকাপে নেপাল অনূর্ধ্ব-২৩ দলের কাছে ৪-১ গোলে উড়ে যাওয়ার ক্ষত কিন্তু রয়েই গেছে। তারপরও মালদ্বীপ সমীহ জাগানো দল। এদের সঙ্গে জিতলে ভুটান ম্যাচের আগে সেন্টফিটের দলের আত্মবিশ্বাস বাড়বে।