১৩ বছরের ডিফেন্ডারের দাম ১ কোটি ৭০ লাখ টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেদের যুব একাডেমির পেছনে বেশ টাকা ঢালছে ম্যানচেস্টার সিটি। ছবি: সংগৃহীত।
নিজেদের যুব একাডেমির পেছনে বেশ টাকা ঢালছে ম্যানচেস্টার সিটি। ছবি: সংগৃহীত।

টাকায় কি না হয়! ফুটবলেও কথাটা সত্য। রোমান আব্রামোভিচ প্রথম দেখিয়েছিলেন সেটি। রুশ ধনকুবের চেলসির মালিকানা কেনার পর থেকেই চড়া দামে একের পর এক খেলোয়াড় কেনা শুরু করেছিলেন। এরপর ম্যানচেস্টার সিটি, প্যারিস সেন্ট জার্মেইয়ের মতো ক্লাবগুলো এসে ফুটবলারদের বাজারটাকে করে দিল আরও ‘গরম’! 

তবে প্রতিভাবান, প্রতিষ্ঠিত খেলোয়াড়দের পেছনে কাড়ি কাড়ি টাকা ঢালার ব্যাপারটি তা-ও চোখ সয়ে গিয়েছিল। তাই বলে ১৩ বছর বয়সী এক ডিফেন্ডারের জন্য ২ লাখ ১৫ হাজার ডলার খরচ! বাংলাদেশী মুদ্রায় যা দাঁড়ায় ১ কোটি ৭০ লাখ টাকারও বেশি! ১৩ বছর বয়সী খেলোয়াড়দের দলবদলে যেটিকে ধরা হচ্ছে রেকর্ড।
এখনো কৈশোর না পেরোনো একজন খেলোয়াড়ের জন্য দামটা অবিশ্বাস্য মনে হতে পারে, তবে এই দাম দিয়েই ডিফেন্ডার ফিনলে বার্নসকে কিনেছে ম্যানচেস্টার সিটি। এখানেই শেষ নয়, ভবিষ্যতে বার্নস কেমন করেন, তার ওপর ভিত্তি করে দামটা বেড়ে ৩ লাখ ডলারেরও বেশি হতে পারে।
অবশ্য ১৩ বছর বয়সেই বেশ আলো কেড়েছেন বার্নস। এতদিন ছিলেন ইংল্যান্ডের তৃতীয় বিভাগ লিগ ওয়ানের দল সাউথএন্ড ইউনাইটেডের যুবদলে। ১৩ বছর বয়সেই খেলতেন ক্লাবটির অনূর্ধ্ব-১৬ দলে। সেখানে তাঁর পারফরম্যান্স দেখেই প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাব বার্নসকে নিজেদের একাডেমিতে নিয়ে নিতে আগ্রহ দেখাচ্ছিল। সাউথএন্ডের যুব ফুটবল প্রকল্পের প্রধান রিকি ডানকান বলেছেন, ‘প্রিমিয়ার লিগের চার থেকে পাঁচটি ক্লাব ফিনলের পেছনে ছুটছিল। তাই ছেলেটাকে আমাদের ক্লাবে ধরে রাখা কঠিনই হয়ে পড়ে।’
শেষ পর্যন্ত সিটিকে বেছে নেওয়ার কারণ, বার্নসের পরিবার পেপ গার্দিওলার ক্লাবের যুব একাডেমি দেখে মুগ্ধ। অবশ্য গত কয়েক বছর ধরেই নিজেদের একাডেমির দিকে বেশ জোর দিচ্ছে সিটি। পাবলো মাফেও (বর্তমানে ধারে আছেন স্পেনের জিরোনাতে), প্যাট্রিক রবার্টস (বর্তমানে ধারে খেলছেন সেল্টিকে), অ্যালেক্স গার্সিয়া (সিটির মূলদলে সুযোগ পেয়ে গেছেন এরই মধ্যে, লিগ কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলেছিলেন)...এমন অনেক প্রতিভাবান তরুণ খেলোয়াড় উঠে আসছেন।
আর এত খরচও একেবারে নতুন নয়। এর আগে ২০১৩ সালে মালাগা থেকে স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার ব্রাহিম দিয়াজকে কিনতে সিটি খরচ করেছিল ২ লাখ পাউন্ড। আর ইংলিশ উইঙ্গার জেডন সাঞ্চোকে কিনতে ২০১৫ সালে খরচ করেছিল ৫ লাখ পাউন্ড। দুজনেরই বয়স সে সময় ছিল ১৪ বছর। সূত্র: মেল অনলাইন।