১৩১ দিন পর জয়ের দেখা পেল ইউনাইটেড

‘অগ্নি-অভিষেক’ কাকে বলে তা হাড়ে হাড়ে টের পেয়েছেন লুই ফন গাল! ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম তিন ম্যাচে কোনো জয় তো নেই, উল্টো দুই ম্যাচে হার! ফন গালের মতো ঝানু কোচের অধীনে তারকায় ঠাসা ম্যানচেস্টার ইউনাইটেডের এমন ব্যর্থতা—সমর্থকদের হজম করা কঠিনই বটে। তবে অবশেষে স্বরুপে ফিরেছে ‘রেড ডেভিল’রা। ঘরের মাঠে আজ কুইনস পার্ক রেঞ্জার্সকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইউনাইটেড।
লিগে সর্বশেষ জয় এসেছিল গত ৬ মে। গত মৌসুমে শেষ দিকে হাল সিটির বিপক্ষে সে জয়টার পর লিগে আর জয়ের দেখা পায়নি ইউনাইটেড। অবশ্য এ মৌসুম শুরুর আগে কয়েকটি প্রীতি ম্যাচ জিতেছে। কিন্তু সেগুলো তো আর প্রতিযোগিতামূলক কোনো লিগের ম্যাচ নয়।
টাকা নাকি কথা বলে! প্রথম তিন ম্যাচে ইউনাইটেডের পারফরম্যান্সে অনেকে বলেছেন—ভুল! সব সময় টাকা কথা বলে না! কিন্তু আজ ফন গালের ছাত্ররা প্রমাণ করলেন, বলে; টাকা কথা বলে। রেকর্ড টাকায় ইউনাইটেডে আসা অ্যাঙ্গেল ডি মারিয়া ২৪ মিনিটে গোল দিয়ে সে কথার যথার্থতা প্রমাণ করলেন।
৩৬ মিনিটে ওয়েইন রুনির সহায়তায় আন্দের হেরেরা গোল আর ৪৪ মিনিটে হেরেরা সহায়তায় রুনির গোলে স্বস্তি নিয়েই বিরতিতে যায় ইউনাইটেড। ৫৮ মিনিটে ডি মারিয়ার সহায়তায় হুয়ান মাতার গোলে এক হালি পূর্ণ করে ফেলে ইউনাইটেড! এক জয়েই পয়েন্ট টেবিল ১৬ থেকে নয়ে উঠে এসেছে ফন গালের দল।