নির্বাচন এলে প্রতিশ্রুতির বান ছোটে। বাফুফের এবারের নির্বাচনও ব্যতিক্রম হচ্ছে না। কাজী সালাউদ্দিনের নেতৃত্বে সম্মিলিত পরিষদ দুই দিন আগে তাদের নির্বাচনী অঙ্গীকারে ঘুরেফিরে খেলোয়াড় তুলে আনতে তৃণমূলে যাওয়ার কথাই বলেছে। ‘বাঁচাও ফুটবল’ আন্দোলনও নির্বাচনী ইশতেহারে তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনার বহুল আলোচিত কথাগুলোই বলেছে নতুন করে। প্রতিটি বিভাগে একাডেমি স্থাপন ও শেরেবাংলা, সোহরাওয়ার্দী কাপ ফিরিয়ে আনার কথাও এসেছে।
কাল স্থানীয় একটি হোটেলে আয়োজিত এই ইশতেহার ঘোষণা অনুষ্ঠানটি নজর কেড়েছে অবশ্য অন্য কারণে। এ অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত বাজানো ফুটবলের কোনো অনুষ্ঠানে নতুনত্ব যোগ করেছে। বক্তব্য দেওয়ার মঞ্চে একটা প্রতীকী বল রাখা ছিল, সেখানে লেখা, ‘আমাকে বাঁচাও।’ এটাও নতুন। সভাপতি প্রার্থী কামরুল আশরাফ খান লিখিত ইশতেহারের বাইরে তাঁর বক্তব্যে নতুন একটা বিষয় এনেছেন, ‘আমি নির্বাচিত হলে ঢাকার ক্লাবগুলোকে ছোট আকারে হলেও একটা করে জিম করে দেব। এবং দুই মাস পরপর কাউন্সিলর ও সাংবাদিকদের নিয়ে বোর্ড মিটিং করব।’
এই পরিষদ বলে আসছে সালাউদ্দিনের নেতৃত্বে ফুটবল ধ্বংস হয়ে গেছে। সেই ফুটবল বাঁচাতে নিজেদের যে পরিকল্পনা ঘোষণা করল বাঁচাও ফুটবল পরিষদ, তাতে অবশ্য চমক নেই। ইশতেহারের ১৪টি কর্মসূচির মধ্যে (সালাউদ্দিনের পরিষদে ২৫টি) জাতীয় দল নিয়ে কোনো কথাই নেই। অথচ জাতীয় দলের সাম্প্রতিক ব্যর্থতাই বাংলাদেশের ফুটবলে এখন বেশি আলোচিত বিষয়। পরিষদের নেতা মনজুর কাদের পরে অবশ্য বলেছেন, ‘আমরা এই ১৪টি কমসূচি নিয়ে কাজ করে সফল হলে এমনিতেই জাতীয় দলের উন্নয়ন হবে।’
প্রশ্ন এসেছে যে কমিটিকে ব্যর্থ বলছে বাঁচাও ফুটবল পরিষদ, সেই কমিটির দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদীকে কেন তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে দিল? মনজুর কাদেরের উত্তরটা বেশ হালকাই, ওটা নাকি মজা করে করেছেন, ‘ফুটবলে যেমন ট্যাকটিকস আছে, নির্বাচনেও তাই। আমি আগেই বলেছিলাম, আমি এই নির্বাচন করব না। কিন্তু সমর্থকদের চাপে মনোনয়নপত্র কিনতে বাধ্য হই। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠি আগেই তৈরি করে রেখেছিলাম। এটা আমার কাছে জাস্ট একটা ফান।’
অনুষ্ঠানে সালাউদ্দিন পরিষদকে তীব্র ভাষায় আক্রমণ করেন মনজুর কাদের।
সাবেক ফুটবলার ও কোচ গোলাম সারোয়ার টিপু বললেন, ‘আট বছর তো দেখলাম। তাই এখন জেনে-বুঝে আমরা খারাপটা পছন্দ করব কেন?’ জাকারিয়া পিন্টুর কথা, ‘আমি গ্যারান্টি দিচ্ছি, এই পরিষদ জিতবে।’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক মোজাফফর হোসেন পল্টু, যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট। প্রার্থীদের পরিচয় করিয়ে দেন লোকমান হোসেন ভূঁইয়া।
বক্তাদের মুখে বেশ কয়েকবারই উচ্চারিত হয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসানের নাম। তিনি ক্রিকেট বোর্ড ‘সাফল্যের’ সঙ্গে চালাতে পারলে কামরুল আশরাফ কেন পারবেন না, এই যুক্তি দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিসিবির কয়েকজন পরিচালককে দেখা গেছে।