১৪ মিনিট লাগল রোনালদোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লা লিগায় সব প্রতিপক্ষের বিপক্ষেই গোল হয়ে গেল রোনালদোর। ফাইল ছবি
লা লিগায় সব প্রতিপক্ষের বিপক্ষেই গোল হয়ে গেল রোনালদোর। ফাইল ছবি

ক্রিস্টিয়ানো রোনালদো সময় নিলেন মাত্র ১৪ মিনিট! পাখির মতো ডানা মেলে মার্সেলোর ক্রসটা মাথা ছুঁইয়ে পাঠিয়ে দিলেন লাস পালমাসের জালে। লা লিগার সব দলের বিপক্ষেই গোলের রেকর্ডটি আবার ফিরে পেলেন রিয়াল তারকা।
এই ম্যাচের আগে লা লিগার বাকি ১৮ দলের বিপক্ষেই গোল পেয়েছেন সিআর-৭। ছিল না শুধু পালমাসের বিপক্ষে। থাকবে কী করে, রোনালদো রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর এই প্রথম লা লিগায় খেলার সুযোগ পেল পালমাস। তা ছাড়া এ মৌসুমে এই প্রথম পালমাসের মুখোমুখি রিয়াল। সুযোগ যখন এলই, ভালোভাবেই সেটি কাজে লাগালেন রোনালদো।
রিয়ালের জার্সি গায়ে চাপানোর পর এ পর্যন্ত ৩০টি প্রতিপক্ষ পেয়েছেন রোনালদো। প্রতিটি দলের বিপক্ষেই গোল পেলেন রিয়ালের পর্তুগিজ ফরোয়ার্ড। আজ সান্তিয়াগো বার্নাব্যুতে রোনালদোর আগে-পরে গোল করেন ইসকো ও হেসে। রিয়াল মাদ্রিদও ম্যাচটা জিতেছে ৩-১ গোলে। লাস পালমাসের হয়ে ৩৮ মিনিটে একটি গোল শোধ করেছেন হার্নান।