
মুক্তিযোদ্ধা ২: ০ আরামবাগ; সাইফ স্পোর্টিং ১: ০ ফরাশগঞ্জ
বঙ্গবন্ধু স্টেডিয়ামে নীরব দাঁড়িয়ে মারুফুল হক। মনের ভেতর ঝড় বইছে। সেটি যেন বের করে আনলেন নিজেই, ‘অস্বীকার করার কিছু নেই। আমি আসলে কোচিং ভুলে গেছি।’ কোচিং ক্যারিয়ারে সর্বশেষ ১৪ ম্যাচের ১২টিতেই হারের পর দেশের একমাত্র উয়েফা ‘এ’ সনদধারী কোচের মুখে খেদ।
গত মৌসুমে শেখ রাসেলের হয়ে ফেডারেশন কাপে এক ম্যাচে হার। লিগে প্রথম ৪ ম্যাচ হার, ৫ম ম্যাচে ড্র করে আবার ষষ্ঠ ম্যাচে হেরে দলটির দায়িত্বই ছেড়ে দেন মারুফ। তার আগে শেখ রাসেলের হয়ে ভুটানে এএফসি কাপে এক ড্র এক হার। এবার আরামবাগের দায়িত্ব নিয়ে ফেডারেশন কাপে দুই হারের পর লিগে প্রথম তিন ম্যাচেও হার। যার সর্বশেষটি গতকাল মুক্তিযোদ্ধার কাছে ২-০ গোলে।
এভাবে হারের বৃত্তে কেন ঘুরপাক খাচ্ছেন? মারুফ বিষণ্ন মুখে বলে যান, ‘আরামবাগের এই দলটি অনভিজ্ঞ। মানসিকভাবেই ওরা হেরে যায়। এই দলের সামর্থ্যই আসলে এমন। আমি আসলে আর পারছি না। তবু নিজের মতো করে কোচিং করে যাব।’
বড় দলের মতো আরামবাগকেও মারুফ খেলাচ্ছেন ৪-৩-৩ ছকে। এমন ছকে রাইটব্যাক আর লেফটব্যাকের বড় ভূমিকা থাকে। তাঁরা ওপরে ওঠে ক্রস করেন। কিন্তু রকি আর পারভেজ তেমন ক্রস করতে পারেননি কাল। ফলে ওপরে থাকা দুই লম্বা ফুটবলার বুকোলা ও ইকাঙ্গা সুবিধা করতে পারেননি। বুকোলা গোল নষ্টও করেছেন। আরামবাগ কার্যকর একজন উইঙ্গারের অভাবেও ধুঁকছে। গতবারের একাদশের ১১ জনই এবার নেই। তবু কাল আরামবাগ প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধে তিনজন খেলোয়াড় নামিয়েও ভাগ্য বদলাতে পারেননি মারুফ। নিশ্চিত গোলও হচ্ছে না, দুর্ভাগ্যও তাড়া করছে তাঁকে। অথচ ২০০৮ থেকে ২০১৫ পর্যন্ত সাকল্যে ম্যাচ হেরেছেন ১০–১২টি।
কাল মুক্তিযোদ্ধার গোলরক্ষক উত্তম বড়ুয়া অবশ্য কয়েকটি ভালো সেভ করেছেন। লাল জার্সিধারীরা প্রথমার্ধে অ্যাটাকিং থার্ডে বল রাখতে পারছিল না। তবে দ্বিতীয়ার্ধে সেটা কাটিয়ে ওঠে। ফলও তারা পেয়েছে। ৬০ মিনিটে মাপা শটে ১-০ করে দেন আমজাদ আলী। লিগে এটি তাঁর দ্বিতীয় গোল। ম্যাচে ফেরার চেষ্টায় মরিয়া আরামবাগ ১-১ করে ফেলতে পারত ৯০ মিনিটে, যদি না সোহেল রানা দুই হাত সামনে থেকে বল আকাশে তুলে দিতেন। উল্টো ফিরতি আক্রমণে আত্মঘাতী গোল খেয়ে বসে দলটি। মুক্তিযোদ্ধার বদলি মিডফিল্ডার মতিউরের নির্বিষ একটা ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়েছেন আরামবাগের আরাফাত।
আগের ম্যাচের মতো গতকালও মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মাঠে এসে উৎসাহ দিয়েছেন মুক্তিযোদ্ধাকে। দলও জিতেছে দুই ম্যাচেই।
সাইফকে জেতালেন তপু
ঢাকা আবাহনীকে হারিয়ে চমক দেখানো ফরাশগঞ্জকে ডিফেন্ডার তপু বর্মণের দেওয়া একমাত্র গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং। তপুকে এবার ৪৮ লাখ টাকায় দলে নিয়েছে সাইফ। স্থানীয় ফুটবলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দামি এই ফুটবলার তাঁর প্রতি আস্থা রাখার প্রতিদান দিলেন কাল ম্যাচের ৫৩ মিনিটে। রক্ষণ থেকে উঠে গিয়ে দারুণ নিচু এক হেডে করলেন লক্ষ্যভেদ।
লিগের তৃতীয় রাউন্ড শেষে টানা তিন ম্যাচেই জিতেছে শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনী। দুটি করে জয় সাইফ, ঢাকা আবাহনী, মুক্তিযোদ্ধা, রহমতগঞ্জের।