১৪ ম্যাচ পর মারুফুলের মুখে হাসি

খেলোয়াড়েরা একে একে মাঠ ছেড়ে বের হয়ে আসছেন আর অভিনন্দন জানানোর জন্য হাত বাড়িয়ে দিচ্ছেন কোচ। মুখে চওড়া হাসি। অনেক দিন পর মারুফুল হককে পাওয়া গেল জয়ী কোচের ভূমিকায়। টানা ১৪ ম্যাচ পর জয়ের মুখ দেখলেন বাংলাদেশের অন্যতম সেরা এই কোচ। আজ শুক্রবার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে তাঁর দল আরামবাগ।
২০১৬-১৭ মৌসুমে এটি আরামবাগেরও প্রথম জয়। এর আগে ফেডারেশন কাপে হেরেছে দুটি ও প্রিমিয়ার লিগে তিনটি। তাদের প্রথম জয়ের দিনে ব্রাদার্সের টানা দ্বিতীয় হার।
গত মৌসুমে শেখ রাসেলের হয়ে ফেডারেশন কাপে এক ম্যাচে হারের পর লিগে প্রথম ৪ ম্যাচে টানা হার, ৫ম ম্যাচে ড্র করে আবার ষষ্ঠ ম্যাচে হেরে দলটির দায়িত্বই ছেড়ে দিয়েছিলেন মারুফুল। তার আগে একই দলের হয়ে ভুটানে এএফসি কাপে এক ড্র ও এক হার ছিল তাঁর সঙ্গী। এবার আরামবাগের দায়িত্ব নিয়ে ফেডারেশন কাপে দুই হারের পর লিগে প্রথম তিন ম্যাচেও হার। অবশেষে এল কাঙ্ক্ষিত জয়। তবে জয়টি নিজের নয়, দলের জয় বলেই অবহিত করলেন মারুফুল, ‘আসলে এই জয়টি আমার নয়, দলের। জয়টা ছেলেদের প্রাপ্য ছিল।’
মারুফুলের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। পরিসংখ্যানই দেয় সেই সাক্ষী, ২০০৮ থেকে ২০১৫ পর্যন্ত তিনি ম্যাচ হেরেছেন সাকল্যে ১০-১২টি। ভাগ্য পাশে না বসলে আজ ফলটা অন্য রকম হতে পারত। প্রথম ৩ মিনিটের মধ্যেই দুটি সহজ সুযোগ হাতছাড়া করেছেন ব্রাদার্সের স্ট্রাইকাররা। আবার নিজের দলও গোল পেয়েছে আত্মঘাতী থেকে।
ষষ্ঠ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় আরামবাগ। ডান প্রান্ত দিয়ে বক্সে ঢোকা বুকোলার শট গোলরক্ষক আবদুল কাদের ফিস্ট করলে সামনে থাকা অধিনায়ক আশরাফুল করিমের মুখে লেগে বল জালে জড়ায়। ৩ মিনিট পরে নিজেই গোল করেছেন নাইজেরিয়ান স্ট্রাইকার বুকোলা। ডান প্রান্ত থেকে শাহরিয়ার বাপ্পীর ক্রসে বুকোলা প্লেসিং শটে বল জালে জড়ান। দেরিতে হলেও ম্যাচে ফিরে এসেছিল গোপীবাগের দল। অতিরিক্ত যোগ করা সময়ে বদলি সিও জুনাপিওর গোলে ব্যবধান কমায় তারা।
চার ম্যাচে প্রথম জয়ে ৩ পয়েন্ট আরামবাগের। দুই হারের স্বাদ পাওয়া ব্রাদার্সের পয়েন্ট ২।