১৪৪ বছরের পুরোনো যে লড়াই

এ যেন স্মৃতির জাবর কেটে বেড়ানো পুরনো দুই জমিদারের রেষারেষির মতো। আগের সেই জৌলুস বা শান-শওকতের অনেকটাই চলে গেছে, কিন্তু এখনো চাপান-উতোরটা রয়ে গেছে। একটা সময় ইংল্যান্ড-স্কটল্যান্ড ফুটবল ম্যাচ মানেই ছিল রোমাঞ্চের পসরা। ফুটবল ইতিহাসের প্রথম আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল, তাদের দেখা মানেই একটা উত্তেজনার আবাহন। তবে আজ সেই উত্তেজনায় ঘি ঢেলেছে অন্য একটা ব্যাপার।
সেটা অবশ্য ঠিক ফুটবলীয় নয়। জার্সিতে পপি ফুলের ব্যাজ পরা নিয়েই এই দ্বন্দ্ব। ফিফার আইন অনযুয়ায়ী জার্সিতে কোনো রাজনৈতিক, ধর্মীয় বা ব্যবসায়িক ব্যজ লাগানো নিষিদ্ধ। ১১ নভেম্বর আর্মিস্টিস ডে উপলক্ষে প্রথম বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণেই এই পপি ফুলের ব্যজ জার্সিতে পরার কথা দুই দলের। কিন্তু ফিফা স্পষ্ট বলে দিয়েছে, জার্সিতে কালো ব্যাজ ছাড়া অন্য কিছু লাগানো যাবে না। তবে ইংল্যান্ড স্কটল্যান্ড দুই দেশই ফিফার রক্তচক্ষু উপেক্ষা করে জার্সিতে ব্যাজ লাগাবে বলে ঘোষণা দিয়েছে। খেলোয়াড়েরাও এই সিদ্ধান্তের প্রতি তাঁদের সমর্থন জানিয়ে দিয়েছেন।
অথচ আজকের ম্যাচের আগে ফুটবল নিয়েই বেশি আলোচনা হওয়ার কথা। তবে দুই দলের শক্তিতে এতটাই ব্যবধান যে ইংল্যান্ড নিজেদের মাটিতে জয় না পেলে সেটা বড় অঘটন বলেই ধরা হবে। স্কটল্যান্ড অনেক দিন থেকেই ইউরোপের বড় আসরে একরকম দর্শক হয়ে আছে। সর্বশেষ সেই ১৯৯৮ সালে বিশ্বকাপ খেলেছে স্কটল্যান্ড, এর পর আর কোনো বড় টুর্নামেন্টে খেলা হয়নি। ইংল্যান্ড অবশ্য বড় কোনো সাফল্য না পেলেও বড় আসরে নিয়মিতই নাম লিখিয়েছে। তার ওপর দুই দলের সর্বশেষ দুই দেখায় জয় পেয়েছে ইংল্যান্ডই। ১৭ বছর পর দুই দলের প্রথম প্রতিযোগিতামূলক ফুটবলে বিজয়ীর নামটা অনুমান করতে কষ্ট হওয়ার কথা নয়।
অথচ ১৮৭২ সালে দুই দলের প্রথম দেখা, শক্তির ভারসাম্যে অনেকটাই সমতা ছিল। ওই ম্যাচটা ড্র হয়েছিল ১-১ গোলে। কী অদ্ভুত, গ্লাসগোর হ্যামিল্টন ক্রিসেন্টের সেই মাঠে এখন খেলা হয় ক্রিকেট। এর পর থেকে ফিফা স্বীকৃত ১১২টি ম্যাচে দুই দলের দেখা হয়েছে। তাতে অনুমিতভাবে বেশি জয় ইংল্যান্ডেরই, ৪৭টি। তবে ৪১টি জয় নিয়ে স্কটল্যান্ডও পিছিয়ে নেই খুব একটা। ২৫টি ম্যাচ ড্র হয়েছে। আজ ম্যাচ শেষে পাল্লাটা কোন দিকে হেলে পড়বে?