১৫ কোটি ইউরো প্রত্যাখ্যান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেন এল ক্লাসিকোর ধ্রুপদি লড়াইয়ের মতো রোমাঞ্চকর বিষয়। মাঠজুড়ে ছড়ি ঘোরাচ্ছে বার্সেলোনা, প্রতি-আক্রমণে রিয়াল মাদ্রিদও দুর্দান্ত। বলা হচ্ছে, নেইমারকে দলে টানার সেই যুদ্ধের কথা। শেষ পর্যন্ত তাতে বার্সা জয়ী হলেও চুক্তির অঙ্ক এবং প্রক্রিয়া নিয়ে বছরজুড়েই বেশ সরগরম ছিল স্প্যানিশ ফুটবল। খানিকটা মিইয়ে আসা বিষয়টা আবারও যেন সজীব হলো। নেইমারের বাবা নেইমার দা সিলভা সিনিয়র একটা বোমাই ফাটালেন। নেইমার রিয়াল মাদ্রিদের যে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, সেই অঙ্কটা ছিল নাকি ১৫ কোটি ইউরো! এএফপি।
এমনিতে নেইমারের সঙ্গে বার্সার চুক্তি নিয়ে পানি কম ঘোলা হয়নি। সান্তোস থেকে নেইমারকে নিয়ে আসতে পাঁচ কোটি ৭১ লাখ ইউরো খরচ দেখিয়েছিল বার্সেলোনা। কিন্তু পরে প্রকাশ পায়, অঙ্কটা আসলে ৮ কোটি ৬২ লাখ ইউরো! এর জের ধরে তত্কালীন বার্সা সভাপতি সান্দ্রো রোসেলকে পদত্যাগ পর্যন্ত করতে হয়েছে। কিন্তু তাতেও বিপত্তি ঘোচেনি। নেইমারের চুক্তির ব্যাপারে বিস্তারিত তথ্যপ্রমাণ দিতে বলেন মাদ্রিদের আদালত। পরশু আদালতের তদন্তেই নেইমারের বাবার এই তথ্য ফাঁস। সঙ্গে জানিয়েছেন, এত বড় চুক্তির প্রস্তাবও টলাতে পারেনি নেইমারের মন। বার্সার হয়ে খেলে বেশি আলো ছড়ানোর স্বপ্নে যে বুঁদ হয়ে ছিলেন নেইমার!