১৫ কোটি টাকার টুর্নামেন্টের শিরোপা গেল রংপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিরোপা নিয়ে উল্লাস করছে রংপুর বিভাগ। সংগৃহীত ছবি
শিরোপা নিয়ে উল্লাস করছে রংপুর বিভাগ। সংগৃহীত ছবি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে দেশজুড়ে আয়োজন করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে। ১৫ কোটি টাকা বাজেটের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে রাজশাহী বিভাগকে ২-১ গোলে হারিয়েছে তারা। খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

দুই অর্ধে ৪০ মিনিট করে নির্ধারিত সময় ছিল ৮০ মিনিট। দ্বিতীয়ার্ধের ৪৪ মিনিটে আপন চন্দ্র রায়ের গোলে এগিয়ে যায় রংপুর। রাজশাহীর আহাদ ৫৭ মিনিটে ১-১ করেছে। অতিরিক্ত ১০ মিনিটের ষষ্ঠ মিনিটে শামীম ইসলামের গোল আনন্দে ভাসিয়েছে রংপুরকে।

ফাইনালে খেলার মান বেশ আশাজাগানিয়া। কয়েকটি কিশোরের শারীরিক গঠন চোখ কেড়েছে। শুটিং, ড্রিবলিং সবই ভালো। অনেকের খেলায় ভবিষ্যৎ ফুটবলার হওয়ার স্পষ্ট বার্তা। ভবিষ্যৎ ফুটবলার তৈরি করতেই সরকার ২০১০ সাল থেকে প্রাথমিক স্কুলের ছেলেমেয়েদের জন্য বঙ্গবন্ধু-বঙ্গমাতা টুর্নামেন্ট করছে। তবে অনূর্ধ্ব–১৭ টুর্নামেন্ট এবারই প্রথম।

সারা দেশে প্রায় সাড়ে ৫ হাজার ইউনিয়ন শুরুতে অংশ নেয় এই টুর্নামেন্টে। তবে প্রতিটি স্তরে নকআউট ভিত্তিতে খেলা হওয়া টুর্নামেন্টটির একটা ঘাটতি ছিলই। কিছু খেলা লিগ ভিত্তিক হলে দলগুলো ম্যাচ আরও বেশি পেত। যেমন নকআউট ভিত্তিতে ইউনিয়ন চ্যাম্পিয়নরা খেলেছে উপজেলায়, উপজেলার সেরা দল জেলায়, জেলার সেরারা বিভাগে এভাবে খেলেই ঢাকায় আট বিভাগ নিয়ে চূড়ান্ত পর্ব হয়েছে। এত বড় পরিসরের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ আছে রংপুরের কোচ শামীম খানের। তবে ভবিষ্যৎ নিয়েই তাঁর শঙ্কা, ‘এটা শুধু এক বছর করলে হবে না। অনূর্ধ্ব-১৫, ১৭, ২০ করতে হবে। এক বছর পর বন্ধ হয়ে গেলে কোনো লাভ নেই।’

প্রায় এক লাখ কিশোরের এই টুর্নামেন্টে সেরা গোলদাতা রংপুরের শামীম ইসলাম (৪ গোল)। ফাইনালের সেরা রংপুরের আপন চন্দ্র রায়। উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে খেলা নীলফামারীর আপন টুর্নামেন্টে ফাইনালেই প্রথম গোল করেছে।