
এফএ কাপে গত বুধবারই হাডার্সফিল্ডকে ৫-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। কিন্তু সেই জয়টা উপভোগ করার সময় কোথায়! গতকালই আবার লিগে খেলতে হয়েছে সান্ডারল্যান্ডের বিপক্ষে, তাতে অবশ্য সিটি জিতেছে ২–০ গোলে। এরপর আগামী শনিবার আবার প্রতিপক্ষ স্টোক সিটি, এর তিন দিন পর এফএ কাপে আবার মিডলসবরোর বিপক্ষে ম্যাচ। এখানেই শেষ নয়, এরও চার দিন পর আবার চ্যাম্পিয়নস লিগে প্রতিপক্ষ মোনাকো।
সব মিলিয়ে মার্চের প্রথম ১৫ দিনে পাঁচটা ম্যাচ সিটির! খেলোয়াড়েরা তো অবশ্যই, কোচেরও ক্লান্ত হয়ে যাওয়ার কথা। এমন ঠাসা সূচিতে সেরাটা দেওয়া যায় নাকি! কিন্তু সিটি কোচ পেপ গার্দিওলার এ নিয়ে কোনো অভিযোগ নেই। বরং ‘ক্লান্তি আমার ক্ষমা করো...’ বলে আঁটঘাঁট বেঁধে নেমে পড়ছেন মাঠে! তাঁর দল অনেকগুলো টুর্নামেন্টে টিকে আছে বলেই না এতগুলো ম্যাচ খেলতে হচ্ছে। অভিযোগের বদলে গার্দিওলা তাই খুঁজে নিচ্ছেন এর ইতিবাচক দিকটা, ‘আমার ভালোই লাগছে। টুর্নামেন্টের বাইরে চলে যাওয়ার চেয়ে টিকে থাকাটাই আমার বেশি পছন্দের।’
সূচি নিয়ে চিন্তাভাবনার দায়িত্ব কর্তৃপক্ষের হাতেই ছেড়ে দিতে চান গার্দিওলা, ‘আসলে এসব নিয়মকানুন বা কে কয়টা ম্যাচ খেলবে, এসব নিয়ে আলোচনা করার সঠিক লোক আমি নই। যদি সূচিতে থাকে যে আমাদের সোম, মঙ্গল, বুধ টানা খেলতে হবে, আমরা তা-ই খেলব।’
এ ম্যাচগুলোয় ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর মতো এত বিকল্প তাঁর দলে আছে কি না, তা অবশ্য বলেননি গার্দিওলা। এএফপি।