১৫ বছরের মধ্যে সবচেয়ে বাজে ক্যাসিয়াস!

এই তো গত জানুয়ারির কথা। পর্তুগিজ লিগে গুইমারেসের সঙ্গে ম্যাচে একটা সহজ বল ধরতে গিয়েই করে ফেললেন হাস্যকর একটা ভুল। কীভাবে যেন বলটা হাত গলে ঢুকে গেল জালে। ইকার ক্যাসিয়াস সেই যে মুদ্রার উল্টো পিঠ দেখা শুরু করলেন, এখন আর আগের পিঠ দেখতেই পাচ্ছেন না। গত ১৫ বছরের মধ্যে পোর্তোর সবচেয়ে বাজে গোলরক্ষক এখন ক্যাসিয়াসই।
এই মৌসুমে এখন পর্যন্ত ৩০টি গোল হজম করেছে পোর্তো। খেলাধুলার পরিসংখ্যান বিষয়ক সংস্থা অপটা জানিয়েছে, তারা পর্তুগিজ লিগের ডথ্য-উপাত্ত রাখার পর থেকে এটাই পোর্তোর কোনো গোলরক্ষকের সবচেয়ে বেশি গোল খাওয়ার রেকর্ড। পোর্তোর ৩০ গোলের ২৮টিই হজম করেছেন ক্যাসিয়াস। আর সর্বশেষ পোর্তো এক মৌসুমে ৩০ গোল হজম করেছিল সেই ২০০১ সালে। গুইমারেসের সঙ্গে ওই ভুলটা তো আছেই, আরেকবার গোলপোস্ট ছেড়ে বেরিয়ে এসে স্কুলবালকদের মতো গোল হজম করেছেন।
অথচ গত মৌসুমেই পোর্তো গোল খেয়েছিল মাত্র ১৩টি, বেনফিকার তিন পয়েন্ট পেছনে থেকে লিগ শেষ করেছিল দ্বিতীয় হয়ে। এবার সেই বেনফিকার সঙ্গে পয়েন্টের ব্যবধান ১৫। এর কিছুটা দায় তো ক্যাসিয়াসকে নিতেই হবে!