১৫ মিনিটের জাপানি সুনামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম বয়সী জাপান যুবদলেরই শাসন ছিল মাঠে। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেই আধিপত্যেরই অনুবাদ মামুনুলদের বিপক্ষে অতিথিদের ৩-০ গোলে জয় l প্রথম আলো
কম বয়সী জাপান যুবদলেরই শাসন ছিল মাঠে। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেই আধিপত্যেরই অনুবাদ মামুনুলদের বিপক্ষে অতিথিদের ৩-০ গোলে জয় l প্রথম আলো

প্রথম গোলের পর আস্তে আস্তে বাড়ির পথে দর্শক। খানিক পরই গ্যালারি প্রায় ফাঁকা। সব পাল্টে বিষাদের সুর!
অথচ শুরুতে অনেক উৎসাহব্যঞ্জক ছবি এঁকেছিল বঙ্গবন্ধু স্টেডিয়াম। সেসব ছবি জাপানি সুনামি ভাসিয়ে নিয়ে গেছে একটা সময়। দ্বিতীয়ার্ধে ১৫ মিনিটের ঝড়েই আসলে সব তছনছ। জাপানি যুবারা ফুটে উঠলেন টগবগে জাপানি রক্তে। হিদেতোশি নাকাতাদের উত্তরাধিকার এই তরুণেরা কী দারুণভাবেই না ম্যাচটার রং পাল্টে দিলেন ৩টি গোল করে!
শুরু থেকেই বলা যাক। প্রথম মিনিট পনেরো মনে হলো জাপান দলটি খেলাটা বোঝার চেষ্টা করছে। বাংলাদেশ তখন পর্যন্ত বেশ ফুরফুরে, ইতিবাচক। বল পজেশন থেকে শুরু করে পাসিং সবই ভালো হচ্ছিল।
এরপরই জাপানের যুবারা খোলস ছেড়ে বেরিয়ে খেলাটা ধরে নিয়েছে। টেকনিক ও স্কিলের ঝলক ছড়িয়ে পড়ল গোটা মাঠে। ছোট ছোট নিখুঁত সব পাসে শুরু বাংলাদেশের রক্ষণ ভাঙার সম্মিলিত চেষ্টা। একসঙ্গে ওঠা-নামা, দ্রুত প্রান্তবদল...কী ছিল না তাঁদের খেলায়! এঁরাই যে ভবিষ্যৎ জাপান ফুটবলের পতাকাবাহী, সেটি বুঝতে সময় লাগেনি তেমন একটা।
বাংলাদেশ দলকে নিয়ে বিস্তর গবেষণাও ছিল জাপানের কোচের। জাহিদ, এমিলি ও সোহেল রানাকে ভিডিওতে দেখে নিজেদের জন্য ভয়ের কারণ হিসেবে ধরে নিয়ে তিনি কাজ করেছেন। ম্যাচে সেটির প্রতিফলন দেখা গেল ষোলো আনা। জাহিদ যেমন বল ধরলেই দু-তিনজন ঘিরে ধরে তাঁকে অকেজোই করে রেখেছে।
বলের পেছনে অন্তত তিনজন জাপানি তরুণকে দেখা গেছে সব সময়। বাংলাদেশের খেলোয়াড়েরা এখানেও িপছিয়ে। জাপানের সীমানায় বেশ কয়েকবার বাংলাদেশ দল গেছে বটে, কিন্তু অ্যাটাকিং থার্ডে গিয়ে আর ঢোকা যায়নি। স্ট্রাইকার এমিলিকে তো অনেকটা বিচ্ছিন্নই লেগেছে এ কারণে। বলের কাছেই সেভাবে পৌঁছাতে পারলেন কই!
ম্যাচ যত এগোল, ফুটে বেরোল বাংলাদেশের সীমাবদ্ধতা। এমনিতে স্কিলেই তো দুই দলের অনেক পার্থক্য। সেটিকে আরও বড় করে তুলেছে ঠিকঠাক মার্কিং করতে না-পারার ব্যর্থতা। চাপের মুখে খেই হারানোর পুরোনো অভ্যাস তো আছেই। শুরুতে চার ডিফেন্ডার নিয়ে নামলেও রক্ষণে চাপ বেড়েছে আর লোকও বেড়েছে বাংলাদেশের রক্ষণে। একটা সময় ওপরে একজনকে রেখে বাকি নয়জনই নিচে। জাপান যুবদল সুযোগ পেয়েছে আরও চেপে ধরার।
সমস্যার আরেক নাম নিজেদের উদ্যম হারিয়ে ফেলা। সময়ের সঙ্গে দম ফুরিয়ে যাওয়ার পুরোনো বাতিক এদিনও স্পষ্ট। প্রথমার্ধে জাপানি তরুণদের জায়গা ছাড়েনি বাংলাদেশ, দ্বিতীয়ার্থে সেই জায়গাটা বের হয়েছে অনেক। খেলোয়াড়দের ফিটনেস-ঘাটতিও লুকিয়ে রাখা যায়নি। শেখ জামালের হয়ে যাঁরা ভুটানে খেলে এসেছিলেন, তাঁদের ফিটনেস একটু হলেও আছে। বাকিদের অবস্থা ভালো নয়। তাঁদের শরীরী ভাষাতেই সেটি বোঝা গেছে।
জাপানের কোচ দ্বিতীয়ার্ধে পাল্টালেন দুজন খেলোয়াড়। এই দুটি বদলি আরও পাল্টে দিল ম্যাচের রং। বদলি হিসেবে মাঠে নেমেই স্ট্রাইকার আসানো তাকুমার ঝলক। প্রথম ও তৃতীয় গোল তাঁর, দুটিই চোখকাড়া। দলের অন্য গোলটিতেও করেছেন সহায়তা। ৫৯ মিনিটে বাংলাদেশে গোলমুখ খুলে গেল, এতক্ষণ বেশ ভালো খেলতে থাকা গোলরক্ষক লিটন পরাস্ত। কোনাকুনি শটে বল জালে জড়ালেন তাকুমা।
এই গোলেই বালির বাধের মতো ভেঙে পড়ল স্বাগতিক দল। উদ্দিপ্ত জাপািন তরুণরা দ্রুতই তুলে নিয়েছে দ্বিতীয় গোল। যেটি ছিল ছবির মতো। বাংলাদেশের রক্ষণ বুঝতেই পারল না বল কীভাবে বের করে নিলেন জাপানি যুবারা। চারটি পাসে গোল। গতির ঝলক তুলে এটি করলেন মিনামিনো তাকুমি।
অনেকেই বলছিলেন, ৩ গোল বেশি হয়ে গেল। কারও অভিমত জাতীয় দল খেলানো ঠিক হয়নি। হাজার হোক একটা দেশের যুবদলের সঙ্গে জাতীয় দলের খেলা বেমানানই। পাল্টা যুক্তিও শক্তিশালী। আগামী মাসে বঙ্গবন্ধু কাপের আগে জাতীয় দলকে দেখে নিতেই বাফুফের এই উদ্যোগ। অন্তত জাতীয় দলটার অবস্থা তো বোঝা গেল!
বাংলাদেশ দল: লিটন, নাসির, ইয়াসিন, রায়হান, ইয়ামিন, জামাল (মিশু), মামুনুল (তপু), হেমন্ত, সোহেল রানা, জাহিদ (রাজু), এমিলি।