১৫০ মিলিয়ন ইউরো জলে যেতে দেবে না বার্সা

- ডেমবেলের শরীরের শক্তি বাড়ানোর ব্যবস্থা নিচ্ছে বার্সা।
- ফ্রেঞ্চ ফরোয়ার্ডের খাদ্যাভ্যাস পাল্টাতে আলাদা শেফের ব্যবস্থা করেছে ক্লাবটি।
জিরোনা ম্যাচটা বার্সেলোনা সমর্থকদের দুই হাত ভরিয়ে দিয়েছে। লুইস সুয়ারেজ হ্যাটট্রিক করেছেন, জোড়া গোল পেয়েছেন লিওনেল মেসি। ডি বক্সের বাইরে থেকে ফিলিপে কুতিনহোর দুর্দান্ত একটি গোলও ছিল। তবে বার্সার সমর্থকেরা এর চেয়েও বেশি স্বস্তি পেয়েছেন অন্য কারণে—ওউসমানে ডেমবেলেকে পুরো ম্যাচ খেলতে দেখা গেছে!
কথাটা অবিশ্বাস্য শোনাতে পারে। ১০৫ মিলিয়ন ইউরো দিয়ে যে খেলোয়াড়কে দলে টানা হয়েছে, শর্ত সাপেক্ষে যার জন্য বার্সেলোনার পকেট থেকে খসতে পারে আরও ৪০ মিলিয়ন, সেই খেলোয়াড়ের ৯০ মিনিট মাঠে থাকাতেই সমর্থকেরা তৃপ্ত! অবশ্য উপায়ও নেই, জিরোনা ম্যাচের পর লাস পালমাস—এই প্রথম টানা দুই ম্যাচে একাদশে নামার সুযোগ ছিল ডেমবেলের। কিন্তু কাল আর একাদশে নামানোর ঝুঁকি নেওয়া হয়নি। ক্লাবের দলবদলের রেকর্ড গড়ে টানা খেলোয়াড় হওয়ার পরও তাঁকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় রাজি হননি ভালভার্দে।
এমন নয় যে বার্সার কোচ ভালভার্দে ডেমবেলেকে দলে রাখতে চান না কিংবা ডেমবেলেও খুব বাজে খেলছেন। ঝামেলা বাধিয়েছে চোট। বার্সেলোনায় আসার জন্য গোঁ ধরায় বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে প্রাক্-মৌসুম প্রস্তুতিটা সারেননি ফ্রেঞ্চ উইঙ্গার। দলবদলের একেবারের শেষ মুহূর্তে বার্সায় যোগ দিয়েই নেমে পড়েছেন মাঠে। আর তাতে মাত্র চার ম্যাচ পরেই পেশিতে টান পেয়ে চার মাসের জন্য চলে যান মাঠের বাইরে। এরপর এক সপ্তাহের জন্য মাঠে ফিরে আবারও এক মাস বাইরে! ডেমবেলেকে তাই নতুন করে ভাবতে শুরু করেছে বার্সেলোনা।
ক্যারিয়ারের শুরুতে মেসিও পেশির চোট পেতেন। দুর্বল শরীরের জন্য ঝামেলা হতো ইনিয়েস্তারও। সান্তোস থেকে ২০১৩ সালে বার্সায় যোগ দিয়ে ঝামেলায় পড়েছিলেন টিংটিংয়ে নেইমারও। তাঁদের ক্ষেত্রে শরীরের শক্তি বাড়ানোর জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছিল বার্সা। ডেমবেলের ক্ষেত্রেও তা-ই ঘটতে যাচ্ছে। এমন এক ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে ওজন বাড়লেও গতি কিংবা ড্রিবলিংয়ের ওপর কোনো প্রভাব না পড়ে। এ জন্য ফ্রেঞ্চ ফরোয়ার্ডের খাদ্যাভ্যাস পরিবর্তনের জন্য আলাদা এক শেফের ব্যবস্থা করেছে বার্সেলোনা।
সবই হচ্ছে শুধু একটা আশায়, যে নেইমারের শূন্যস্থান পূরণ করতে তাঁকে দলে টানা, তেমনই এক খেলোয়াড় হয়ে উঠুন ডেমবেলে।