১৫-তে ৫ জয়, এ কোন মরিনহো!

অন্তত ডিসেম্বর পর্যন্ত সময় চেয়ে নিয়েছিলেন। লিগের মাঝামাঝি, ১৯টি ম্যাচ শেষে যখন পয়েন্ট তালিকাটা একটা অর্থবহ ছবি দেখাবে, তখনই না হয় বিচার করে দেখবেন। কিন্তু কাল ওয়েস্ট হামের সঙ্গে হার, সেই সঙ্গে তাঁর লাল কার্ড—আগামী দুই মাসে জাদুকরী কিছু করতে পারবেন বলে হোসে মরিনহোই হয়তো এখন আর বিশ্বাস করেন না!
মাঠে চেলসির পারফরম্যান্স ছন্নছাড়া। কাল ওয়েস্ট হামের কাছে ২-১ গোলের হারটা এ মৌসুমে কেবল লিগেই ১০ ম্যাচে চেলসির পঞ্চম। অথচ চেলসির হয়ে গত মৌসুমেই সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৪ ম্যাচে হেরেছিলেন ৪টি! সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ৬ ম্যাচে মাত্র এক জয়। মৌসুমে ১৫ ম্যাচে জয় মাত্র ৫টি। লিগ আর চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে হেরে বসে আছেন ২৪ পয়েন্ট, পকেটে পুরতে পেরেছে মাত্র ১৫!
প্রশংসা বা নিন্দা যা-ই হোক, মরিনহো মানেই অটুট রক্ষণ। সেই তিনি এবার ২৪ গোল দিয়ে হজম করেছেন ২৩টি! এর ১৯টি গোল হজম করতে হয়েছে লিগে। সবচেয়ে বাজে রক্ষণের দিক দিয়ে চেলসি আছে দুইয়ে!
মাত্রই তিন মাস আগে লিগ শিরোপা নিয়ে উৎসব করেছেন। অথচ মনে হচ্ছে সেসব কোন সুদূরের অতীত! এর প্রভাব পড়েছে দলে। সুখের সংসারে অশান্তির আগুন। খেলোয়াড়েরাও ধৈর্য হারিয়ে ফেলছেন। কাল মরিনহোর সঙ্গে একই ম্যাচে লাল কার্ড দেখেছেন নেমানিয়া মাতিচ ও সহকারী কোচ সিলভিনো লরো। চেলসির সামনে দুটো বিপদও অপেক্ষা করছে। কাল সাতবার কার্ড দেখিয়ে সতর্ক করা হয়েছে চেলসির খেলোয়াড়দের। বাধ্যতামূলক সংবাদ সম্মেলনেও আসেনি কেউই। এই দুই কারণে জরিমানা গুনতে হবে চেলসিকে।
অবশ্য সংবাদ সম্মেলনে না আসায় একদিক দিয়ে ভালোই হয়েছে। মরিনহো সাংবাদিকদের খোঁচা দিয়ে রেখেছিলেন এই বলে, ‘আমার কাছ থেকে আর কোনো মজার শিরোনাম তো পাচ্ছেন না।’ মজার ব্যাপার হলো, ইংলিশ সংবাদমাধ্যম কিন্তু তুলনামূলকভাবে মরিনোর প্রতি সমবেদনাই প্রকাশ করছে বেশি!
এর আগে দলীয় চিকিৎসক ইভা কার্নেইরোকে গালমন্দ করে শিরোনাম হয়েছিলেন। খেলোয়াড়দের মধ্যেও নাকি আছে চাপা অসন্তোষ। মরিনহো যেন আছেন দুঃস্বপ্নের ঘোরে। তবে কি পর্তুগিজ কোচের দিন ফুরাল চেলসিতে?
তিন সপ্তাহ আগেই প্রকাশ্যে মরিনহোকে ‘আস্থা ভোট’ দিয়েছিল চেলসির পরিচালনা পর্ষদ। ক্লাবটির ইতিহাসের সবচেয়ে সফল কোচকে ছাঁটাই করার আগে দুবার ভাবতেই পারেন রোমান আব্রামোভিচ। আর্থিক ক্ষতিপূরণের ব্যাপারটি তো আছেই। এই গ্রীষ্মেই নতুন করে চার বছরের চুক্তি হয়েছে। চার বছরের আগে মরিনহোকে ছাঁটাই করলে গুনতে হবে ৩ কোটি পাউন্ড!
তবে টাকার চেয়ে দল তো অবশ্যই বড়। আর তাই চেলসির পরবর্তী কান্ডারি হিসেবে উঠে আসছে বেশ কিছু নাম—পেপ গার্দিওলা কিংবা ডিয়েগো সিমিওনে। বায়ার্নে গার্দিওলার চুক্তি শেষ এই মৌসুমেই। সিমিওনে ভালো বিকল্প হতে পারেন, তবে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে সদ্যই ৫ বছরের নতুন চুক্তি করেছেন আর্জেন্টাইন কোচ। বেকার বসে থাকা কার্লো আনচেলত্তিকেও ফেরানোর কথা ভাবতে পারেন আব্রামোভিচ।
তবে ডিসেম্বর আসতে এখনো বাকি। দেখা যাক, নিজের নিজের জন্য যে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন, এর মধ্যে মরিনহো জাদুকরী কিছু করতে পারেন কিনা। তথ্যসূত্র: ইএসপিএন, ডেইলি মেইল।