১৬ ম্যাচে গোলশূন্য রোনালদো!

৫-০ গোলের বড় জয় দিয়ে শুরু হলো রিয়াল মাদ্রিদে জিনেদিন জিদানের যুগ। দল খেলেছেও দারুণ। সেই ক্ষুরধার গতি, আক্রমণাত্মক ফুটবল। স্বস্তির হাসি সবার মুখে। কিন্তু একজন টানেলে ফিরছেন বিমর্ষ চেহারায়। আনন্দের ছাপ নেই। ক্রিস্টিয়ানো রোনালদো, এই মৌসুমে আরও একবার গোলদাতার তালিকায় নিজের নাম লেখাতে ব্যর্থ!
বিস্ময় চিহ্ন একাধিক বসালেও গুরুচণ্ডালী হয় না। নামটা রোনালদো বলেই। রোনালদো খেলছেন কিন্তু গোল পাচ্ছেন না—এ যে অভাবিত এক দৃশ্য। সেই দৃশ্যই এই মৌসুমে দেখা গেছে ১৬ বার! ক্লাব ও জাতীয় দলের হয়ে রোনালদো খেলেছেন ২৮ ম্যাচে। এর মধ্যে ক্লাবের হয়ে খেলেছেন ২৫ ম্যাচে। ১৩ ম্যাচে গোল পাননি, ১২ ম্যাচে পেয়েছেন। জাতীয় দলের হয়ে তিন ম্যাচেই গোল নেই। এই মৌসুমে রোনালদো খেলেছেন অথচ গোলের দেখা পাননি ৫৭ শতাংশ ম্যাচেই! ভাবা যায়!
স্প্যানিশ লিগে রোনালদোর বিবর্ণ চেহারা চোখে পড়ছে বেশি করে। লিগে ১৯ ম্যাচ খেলেছেন। এর মধ্যে ১১ ম্যাচেই পাননি গোলের দেখা। চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের ৬ ম্যাচের দুটোতে গোলহীন। লিগে আট ম্যাচে গোল করেছেন, চ্যাম্পিয়নস লিগে চার ম্যাচে।
গত মৌসুমে রিয়ালের হয়ে ৫৪ ম্যাচে ৬১ গোল করেছিলেন। এর মধ্যে লিগেই করেছিলেন ৪৮ গোল। সেই রোনালদো এবার লিগ শুরু করেছিলেন প্রথম সাত ম্যাচের ছয়টিতেই গোলশূন্য থেকে। পর্তুগালের হয়ে ইউরোপিয়ান বাছাই পর্বে দুটি আর একটি প্রীতি ম্যাচ খেলেছেন। তিনটিতেই গোলশূন্য।
অবশ্য রোনালদোর পুরো মৌসুমের পরিসংখ্যানের দিতে তাকালে বিভ্রান্ত হবেন। রিয়ালের হয়ে ২৫ ম্যাচে ২৫ গোল। অসাধারণ রেকর্ড সন্দেহ নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে, লিগে রোনালদোর ১৪ গোলের নয়টিই এসেছে মাত্র তিন ম্যাচে। বাকি ১৬ ম্যাচ মিলিয়ে করেছেন মাত্র ৫ গোল।
শুধু তা-ই নয়, দলের যখন তাঁর ভীষণ দরকার ছিল, সেই সব গুরুত্বপূর্ণ ম্যাচের বেশির ভাগ সময়েই রোনালদোর কামান ছিল গোলাহীন। অ্যাটলেটিকো মাদ্রিদ, সেভিয়া, বার্সেলোনা, ভিয়ারিয়াল, ভ্যালেন্সিয়া—পয়েন্ট টেবিলের সেরা দশে থাকা এই পাঁচ দলের বিপক্ষেই বড় ম্যাচগুলোতে রোনালদো গোল করতে পারেননি। চ্যাম্পিয়নস লিগে একমাত্র বড় দল পিএসজির বিপক্ষে দুই লেগেও রোনালদো ছিলেন গোলহীন।