১৭ সেকেন্ডেই লাল কার্ড!

বদলি হিসেবেই ৬১ মিনিটে মাঠে নেমেছিলেন রুবেন জাকোভিচ। কিন্তু বিধি বাম! হাত-পায়ের ‘জড়তা’ কাটার আগেই মাঠ থেকে বেরিয়ে আসতে হলো লাল কার্ড দেখে! মাঠে জাকোভিচ ছিলেন মাত্র ১৭ সেকেন্ড!
শুক্রবার অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ফুটবলের শীর্ষস্থানীয় প্রতিযোগিতা ‘লিগ-এ’তে ঘটেছে ঘটনাটা। ওয়েলিংটন ফনিক্সের বিপক্ষে পার্থ গ্লোরির ম্যাচে ৬১ মিনিটে রস্টিন গ্রিফিথসের বদলে মাঠে নামেন জাকোভিচ। নামার ১৭ সেকেন্ডের মাথায় প্রতিপক্ষের মিডফিল্ডার ভিন্স লিয়াকে বাজেভাবে ট্যাকল করে বসেন। সঙ্গে সঙ্গে লাল কার্ড!
পার্থ গ্লোরির এ মিডফিল্ডার সান্ত্বনা পেতে পারেন এই ভেবে, ফুটবলে এর চেয়ে দ্রুততম সময়ে লাল কার্ড দেখার ইতিহাস রয়েছে। ২০০০ সালে যুক্তরাজ্যের অপেশাদার ফুটবল প্রতিযোগিতা সানডে লিগের দল ক্রস ফার্ম পার্ক সেল্টিকের লি টড লাল কার্ড দেখেছিলেন মাঠে নামার মাত্র ২ সেকেন্ডের মধ্যেই! ইএসপিএন, মেট্রো।