১৮ বছর পর বলিভিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেক্সিকোর বিপক্ষে চিলির ড্রয়ে হতাশ অ্যালেক্সিস সানচেজ। পরশু সান্তিয়াগোতে l এএফপি
মেক্সিকোর বিপক্ষে চিলির ড্রয়ে হতাশ অ্যালেক্সিস সানচেজ। পরশু সান্তিয়াগোতে l এএফপি

গ্যালারিতে বাহারি সাজের দর্শক, চিরাচরিত লাতিন ফুটবল উন্মাদনা, দেশের জার্সি গায়ে মেসি-নেইমার—আকর্ষণের আসলে কমতি নেই কোনো। তবু যেন কোপা আমেরিকা ঠিক জমছিল না। ফল যা-ই হোক, মাঠের খেলা মন ভরাতে পারছিল না দর্শকদের। সেটা এমনকি মেসির আর্জেন্টিনা কিংবা নেইমারের ব্রাজিলের বেলায়ও সত্যি।
আগের চার দিনের এই আক্ষেপটা ঘুচিয়ে দিল কোপা আমেরিকার পঞ্চম দিনের দুটি ম্যাচ। দুই ম্যাচ মিলে ১১ গোল—শুধু এ কারণে নয়। গতিময় ফুটবল, লাতিন ছন্দ, সমানে-সমানে লড়াই আর অঘটন—জমজমাট ফুটবলের সব উপাদানই ছিল পরশু। সমানে-সমানে লড়াইটা হলো স্বাগতিক চিলির সঙ্গে আমন্ত্রিত দল মেক্সিকোর। সান্তিয়াগোর ন্যাসিওনাল স্টেডিয়ামে শেষ পর্যন্ত ম্যাচটা ৩-৩ ড্র হলেও বিতর্কিত অফসাইডের সিদ্ধান্তে দুটি গোল বাতিল হয়ে যাওয়ার কারণে নিজেদের দুর্ভাগা ভাবতেই পারে চিলি। অন্য ম্যাচে ইকুয়েডরকে ৩-২ গোলে হারিয়ে দিয়ে গ্রুপের হিসাব-নিকাশও পাল্টে দিল বলিভিয়া। কোপায় এর আগের ১৮ বছর কোনো ম্যাচ জিততে পারেনি বলিভিয়া! প্রতিযোগিতামূলক ম্যাচে গত বিশ বছরে বিদেশের মাটিতে কোনো জয় ছিল না তাদের। ভালপারাইসো স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে বলিভিয়ার জয়টাকে তাই ‘অঘটন’ বলাই যায়।

দুর্দান্ত এই জয়ের সবচেয়ে বেশি কৃতিত্ব পাবেন বলিভিয়ান গোলরক্ষক রোমেল কুইনোনেজ। ক্লাব বলিভারের ২২ বছর বয়সী এই গোলরক্ষক প্রথমার্ধে ইকুয়েডোরিয়ান স্ট্রাইকার এনার ভ্যালেন্সিয়ার পেনাল্টি ঠেকিয়েছেন দারুণভাবে, পুরো ম্যাচেও অসাধারণ কিছু সেভ করেছেন। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যাওয়া বলিভিয়াকে দ্বিতীয়ার্ধে বেশ চেপে ধরেছিল ইকুয়েডর। কিন্তু শেষ পর্যন্ত কুইনোনেজ বাধা হয়ে দাঁড়িয়ে থাকায় দুটির বেশি গোল শোধ করতে পারেনি তারা। স্মরণীয় এই জয়ে উচ্ছ্বসিত কুইনোনেজ, ‘কোপায় অনেক দিনের অধরা জয়টাই আমাদের প্রথম লক্ষ্য ছিল। এখনো নকআউট পর্বে উঠিনি আমরা, তবে সেই পথে এক ধাপ এগিয়েছি, আর সে কারণেই আমরা খুশি।’

সান্তিয়াগো স্টেডিয়ামে পরশুর অন্য ম্যাচটায় ছোটখাটো একটা গোল উৎসবই হয়ে গেছে। মেক্সিকোর গোল, চিলির শোধ—এভাবে প্রথমার্ধটা শেষ হয়েছিল ২-২ সমতায়। ওই অবস্থায় ৫৫ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের নিজের দ্বিতীয় গোলটি করে চিলিকে এগিয়ে দেন আর্তুরো ভিদাল। কিন্তু ৬৬ মিনিটেই আবার নিজের দ্বিতীয় গোলটা করে সমতা ফেরান মেক্সিকান স্ট্রাইকার ভিসেন্তে ভুয়োসো। এর মাঝেই ৬৪ মিনিটে একবার এবং ৮০ মিনিটে আরও একবার চিলির দুটি গোল বাতিল হয়ে যায় বিতর্কিত অফসাইডের সিদ্ধান্তে। টেলিভিশন রিপ্লে দেখার পর স্বাগতিক দর্শকদের ক্ষোভটাই যেন প্রকাশ পেল ম্যাচ শেষে চিলির কোচ হোর্হে সাম্পাওলির কণ্ঠে, ‘ম্যাচটা দ্বিতীয়ার্ধে শেষ হয়ে যেত, যদি আমাদের ন্যায্য দুটি গোল দেওয়া হতো। দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়নি।’
বিতর্কিত বিষয় নিয়ে কথা বলতে আগ্রহী ছিলেন না মেক্সিকান কোচ মিগুয়েল হেরেরা। কনক্যাকাফ গোল্ডকাপের জন্য দলের নিয়মিত অনেক খেলোয়াড়কে বিশ্রামে রেখে তিনি কোপায় এসেছেন অনভিজ্ঞ একটা দল নিয়ে। সেই দলটাই স্বাগতিক চিলির বিপক্ষে জমজমাট একটা ম্যাচ উপহার দেওয়ায় উচ্ছ্বসিত হেরেরা, ‘দর্শকদের জন্য এটা ছিল দুর্দান্ত এক ম্যাচ। আজ মেক্সিকো শতভাগ দিয়ে খেলেছে। দর্শকদের এমন একটা ম্যাচ পাওনা ছিল।’ সনি সিক্স, রয়টার্স।