১৮ ম্যাচ পর লিগে হার চেলসির
এমনিতে এই ম্যাচ থেকে চেলসির পাওয়ার কিছু ছিল না। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতা হয়ে গেছে দুই ম্যাচ আগেই। কিন্তু যেটুকু হারানোর ছিল, পরশু হোসে মরিনহোর দল তার প্রায় সবটুকুই হারাল। লিগে ১৮ ম্যাচ অপরাজিত থাকার পর প্রথম পরাজয়, তা-ও এই মৌসুমের সবচেয়ে বড়-পরশু ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের কাছে ৩-০ গোলে হারটা চেলসির বুকেই বেঁধার কথা।
মরিনহোর বুকে আরও বেশি। চেলসির কোচ হিসাবে এই ৩-০-ই যে তাঁর সবচেয়ে বড় পরাজয়। আগেরবার যখন কোচ ছিলেন, তখনও অবশ্য দুবার একই ব্যবধানে হেরেছিলেন (২০০৬-০৭ মৌসুমে)।
ম্যাচের ২৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন সেস ফ্যাব্রিগাস। কোনো বাজে ফাউল করে নয়, ওয়েস্ট ব্রমের ড্যারেন ফ্লেচারের গায়ে ইচ্ছে করে বল মারার অপরাধে। তিন ম্যাচের নিষেধাজ্ঞাও পেয়েছেন ফ্যাব্রিগাস। যার অর্থ, এবারের লিগের শেষ ম্যাচটির সঙ্গে আগামী মৌসুমে প্রথম দুই ম্যাচেও মাঠে নামা হবে না তাঁর। মরিনহোর সিদ্ধান্তটা একদমই পছন্দ হয়নি, ‘এ রকম লাল কার্ড কখনোই দেখিনি। আমি বুঝতে পারছি না, এটা কেন দেওয়া হয়েছে। ভালো রেফারি হলে ব্যক্তিত্ব ও কথা দিয়েই খেলাটা নিয়ন্ত্রণ করতে পারতেন। আর তিন ম্যাচ নিষিদ্ধ? এটা অবশ্যই বেশি হয়ে গেছে।’ আগেই শিরোপা জিতে যাওয়ায় চেলসি আত্মতৃপ্ত হয়ে পড়েছে কি না, এই প্রশ্নের জবাবে মজা করলেন, ‘আমি কি দোষী? হতে পারে, কিন্তু শিরোপার বাকি দাবিদারদেরও দায় আছে, ওরা তো লড়াই-ই করতে পারেনি।’ এএফপি।