১৯ ডিসেম্বর শুরু ফেডারেশন কাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোটি টাকার সুপার কাপ ছাড়াই শেষ হয়ে গেল আরেকটি ফুটবল মৌসুম। নতুন মৌসুম শুরুর টুর্নামেন্ট ফেডারেশন কাপের জন্যই এখন ক্লাবগুলো প্রস্তুতি নিচ্ছে। ১৯ ডিসেম্বর শুরু ফেডারেশন কাপ। প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। কাল লিগ কমিটির সভায় চূড়ান্ত হয়েছে এ সূচি।
ফেডারেশন কাপে প্রিমিয়ার লিগের ১১ দলের সঙ্গে খেলবে একটি আমন্ত্রিত দল। সেই দলটি চূড়ান্ত হয়নি এখনো। পেশাদার লিগের নতুন ভেন্যু নিয়েও সিদ্ধান্তহীন লিগ কমিটি। ‘ঢাকার বাইরে সব খেলা নিতে চাই’, এমন কথা কর্তারা প্রায় প্রতিদিন বললেও বাস্তবে কোনো উদ্যোগ নেই বাফুফের। শুধু নেত্রকোনাকে নিজেদের ভেন্যু করতে বাফুফের কাছে আগ্রহ প্রকাশ করেছে বিজেএমসি।
কালকের সভার আরেকটি সিদ্ধান্ত, জাতীয় দলের সাবেক গোলরক্ষক আমিনুল হককে শাস্তি দিতে শৃঙ্খলা কমিটির কাছে সুপারিশ করা হবে। সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন ব্যর্থতা তুলে ধরে বাফুফের সমালোচনা করেন আমিনুল। তাই তাঁর ওপর ক্ষুব্ধ বাফুফে।