১৯ মিনিটের মেসি-জাদু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিস্ময়কর, অবিশ্বাস্য, জাদুকরি! কালকের মেসিকে কীভাবে ব্যাখ্যা করবেন? মাত্র ১৯ মিনিটের এক ঝড়ে হ্যাটট্রিক করে পানামাকে উড়িয়ে দিয়েছেন। ফ্রি-কিক থেকে গোলের পর লিওনেল মেসিকে কোলেই তুলে নিলেন সতীর্থ এভার বানেগা l এএফপি
বিস্ময়কর, অবিশ্বাস্য, জাদুকরি! কালকের মেসিকে কীভাবে ব্যাখ্যা করবেন? মাত্র ১৯ মিনিটের এক ঝড়ে হ্যাটট্রিক করে পানামাকে উড়িয়ে দিয়েছেন। ফ্রি-কিক থেকে গোলের পর লিওনেল মেসিকে কোলেই তুলে নিলেন সতীর্থ এভার বানেগা l এএফপি

আগের দিনই কোচ বলেছিলেন, লিওনেল মেসি চোট কাটিয়ে উঠেছেন। সুতরাং, তাঁর মাঠে নামতে বাধা নেই। কিন্তু কাল পানামার বিপক্ষে ম্যাচের একাদশে মেসির নাম ছিল না! দ্বিতীয়ার্ধের খেলাও মিনিট দশেক হয়ে গেল, তবু মাঠে নামানো হলো না মেসিকে। তাহলে কি জেরার্ডো মার্টিনো মত পাল্টে ফেললেন?
দর্শকেরা উসখুস করছেন। আর্জেন্টিনা তখন এগিয়ে ১-০ গোলে। কিন্তু ফল নিয়ে কারই-বা এত আগ্রহ! ফিফা র্যাঙ্কিংয়ে ৫৬ নম্বর দল পানামার বিপক্ষে শীর্ষে থাকা আর্জেন্টিনা ড্র করলে বা হেরে গেলে সেটাই হবে বড় অঘটন। শিকাগোর ৫৪ হাজার দর্শক তো এসেছেন মেসির খেলা দেখতে।
দর্শকদের মনের কথা যেন বুঝতে পারলেন মার্টিনো। ৬১ মিনিটে বদলি হিসেবে নামালেন বার্সেলোনা ফরোয়ার্ডকে। বাকিটা শুধুই মেসির গল্প। ৬৮ মিনিটে হিগুয়েইনের পাস থেকে প্রথম গোল, ৭৮ মিনিটে ডি-বক্সের একটু বাইরে থেকে বাঁ পায়ের অসাধারণ বাঁকানো ফ্রি কিকে দ্বিতীয়টি। কিন্তু ওখানেই থামলেন না। ৮৭ মিনিটে মার্কোস রোহোর পাস থেকে করলেন তৃতীয় গোলটাও। ১৯ মিনিটের জাদুতে হ্যাটট্রিক। বদলি নেমে আর্জেন্টিনার ইতিহাসে এটি কোনো খেলোয়াড়ের প্রথম হ্যাটট্রিকও বটে! টুইটারে আলোচনা শুরু হয়ে গেল, কোন গোলটার চেয়ে কোনটা বেশি সুন্দর। বেশি ভোট পাওয়ার কথা ফ্রি কিকের গোলটারই।
অধিনায়কের দুর্দান্ত হ্যাটট্রিকে পানামাকেও ৫-০ গোলে উড়িয়ে দিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠে গেল আর্জেন্টিনা। মেসি-জাদুর আগে-পরে আর্জেন্টিনার বাকি দুটি গোল করেছেন নিকোলাস ওটামেন্ডি ও সার্জিও আগুয়েরো। তবে দুর্দান্ত এই জয়ের পরও আর্জেন্টিনার একমাত্র অস্বস্তি প্রথমার্ধেই চোট নিয়ে অ্যাঙ্গেল ডি মারিয়ার বেরিয়ে যাওয়া। তাঁর চোট কতটা গুরুতর, তা জানা যাবে আরও পরীক্ষার পর।
দুদিন আগেই ডিয়েগো ম্যারাডোনা বলেছিলেন, নেতা হওয়ার জন্য যে ব্যক্তিত্ব লাগে, সেটি মেসির নেই! ঢাল হয়ে দাঁড়িয়ে জেরার্ডো মার্টিনো বলেছিলেন, ম্যারাডোনা যা-ই বলুন, মেসিকে তিনি ভালো নেতাই মনে করেন। সবার নেতৃত্বের ধরন একরকম হয় না। মেসি তাঁর মতো করেই নেতৃত্ব দেন।
কিন্তু এসব তো কোচের কথা। মেসির নিজের বোঝানোর দায় আছে যে তিনি আসলেই নেতা। মাঠে তাঁর খেলা বাকিদের জন্য উদাহরণ ও অনুপ্রেরণা হয়ে কাজ করে। সেটাই করলেন আর্জেন্টাইন অধিনায়ক। হেরে গিয়েও পানামার কোচ হার্নান দারিও গোমেজ তো আর এমনিই বলেননি, ‘লিওনেল মেসি স্রেফ একটা দানব। ও মাঠে নামার আগে আমরা প্রায় সমান তালে লড়ছিলাম। কিন্তু সে মাঠে নামার পর সব বদলে গেল। মেসির সামনে সামান্য একটা ভুল করলেও সেটির চড়া মূল্য দিতে হয়!’
‘সে মাঠে নামার পর সব বদলে গেল’—দারিও গোমেজের বলা কথাটাই তো ম্যারাডোনাকে দেওয়া বার্তা হতে পারে মেসির। মুখে কিছু না বলেও পারফরম্যান্স দিয়েই ম্যারাডোনাকে একটা জবাব তো দেওয়া হলো! অবশ্য ম্যারাডোনার সমালোচনা সম্পর্কে কোনো ইঙ্গিত না দিয়ে মেসি উচ্ছ্বাস করেছেন দুর্দান্ত হ্যাটট্রিকটি নিয়েই, ‘গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যেতে হলে আমাদের একটা বড় জয় দরকার ছিল। আমি খুশি যে সে জয়ে অবদান রাখতে পেরেছি।’ শুরু থেকে কেন নামেননি সেই ব্যাখ্যাটা মেসির নিজের মুখেই জেনে নিতে পারেন, ‘শুরুতে একটু সমস্যা হচ্ছিল। তবে ধীরে ধীরে আমার ব্যথা চলে গেছে।’
মেসির হ্যাটট্রিক, আর্জেন্টিনার জয়, কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালও তাতে নিশ্চিত আলবিসেলেস্তেদের। আর মাত্র ৩ গোল পেলেই আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা বাতিস্তুতাকে ছুঁয়ে ফেলবেন মেসি, ৪ গোল করলে রেকর্ডটা শুধু তাঁর একারই হবে। ছন্দটা ধরে রাখলে হয়তো এই টুর্নামেন্টেই সেই কীর্তি গড়ে ফেলবেন মেসি! এএফপি।