২ কোটি ইউরোও আটকাতে পারছে না গার্দিওলাকে!

ঘটনাটি এ মাসের শুরুর দিকে। বায়ার্ন সমর্থকদের আমন্ত্রণে মিউনিখে প্রাক-বড়দিনের একটা অনুষ্ঠানে গিয়েছিলেন পেপ গার্দিওলা। সেখানেই এক সমর্থক মজার এক কাণ্ড করলেন। হঠাৎ করে এসে গার্দিওলার হাতে একটা নকল চুক্তিপত্র ধরিয়ে দিলেন। যেখানে লেখা, তিনি আজীবন বায়ার্নের কোচ হিসেবে থাকছেন এবং এর জন্য তিনি যে বেতন চান, সেটাই দেবে বায়ার্ন!
ওই সমর্থক কাজটা করেছেন আবেগ থেকে। গার্দিওলার প্রতি নিজের ভালোবাসা বোঝাতে। আর এই আবেগটা যে শুধু সমর্থকদের নয়, অনেক বায়ার্ন মিউনিখ খেলোয়াড়েরও, সেটা বোঝা যাবে অধিনায়ক ফিলিপ লামের কথা শুনলেও, ‘আমাদের অবস্থান পরিষ্কার। আমরা আমাদের কোচের অধীনে খেলাটা উপভোগ করছি। আশা করছি, এটা করে যেতে পারব।’
কিন্তু হঠাৎ করে পেপ গার্দিওলাকে থাকা-না থাকার প্রসঙ্গটা আসছে কেন? আসছে, কারণ এই মৌসুম শেষেই বায়ার্নের সঙ্গে তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে গার্দিওলার। মৌসুমের মাঝামাঝি থেকেই তাই প্রশ্ন উঠে গেছে, চুক্তিটা কি নবায়ন করবেন গার্দিওলা?
গার্দিওলা চান কি না, সেটা বোঝার আগে বুঝে নেওয়া যাক বায়ার্ন গার্দিওলাকে রাখতে চায় কি না। ২০১৩ সালের জুনে বায়ার্নের দায়িত্ব নেওয়ার পর থেকে গার্দিওলার অধীনে দুটি বুন্দেসলিগা জিতেছে বায়ার্ন। জিতেছে জার্মান কাপ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপও। তবে মূল যে লক্ষ্য-চ্যাম্পিয়নস লিগের শিরোপা, সেখানে ব্যর্থ গার্দিওলা। তাঁর অধীনে দুই বারই চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বায়ার্ন। গুঞ্জনটা তৈরি হয়েছে এ কারণেই। তবে জার্মান সংবাদমাধ্যমের খবর হচ্ছে, চ্যাম্পিয়নস লিগ না জিততে পারলেও গার্দিওলার পারফরম্যান্সে খুব একটা অসন্তুষ্ট নয় বায়ার্ন পরিচালনা পর্ষদ। আর সে কারণেই স্প্যানিশ এই কোচের সঙ্গে চুক্তি নবায়ন করতেই আগ্রহী তারা।
কিন্তু একই আগ্রহ কি গার্দিওলারও? যদিও এ মৌসুমে বায়ার্ন বুন্দেসলিগা জয়ের পথেই আছে, চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্ব পেরিয়েছে দাপটের সঙ্গে। কিন্তু আগের দুই মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিততে না পারায় কিছুটা আক্ষেপ রয়ে গেছে গার্দিওলার মনেও। ইতিহাস বলছে, একই ক্লাবে বেশি দিন থাকার মানুষ গার্দিওলা নন। এত সাফল্যের পরেও তো চার বছর পরই বার্সেলোনা ছেড়ে দিয়েছেন স্বেচ্ছায়। নতুন চ্যালেঞ্জ নেওয়ার এই ইচ্ছে থেকেই গার্দিওলা বায়ার্ন ছেড়ে দিতে পারেন বলে মনে করছেন অনেকে। স্প্যানিশ দৈনিক মার্কা তো কয়েক দিন আগে লিখেই দিয়েছে, মৌসুম শেষে ক্লাব ছাড়ার কথা ইতিমধ্যে বায়ার্ন কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন গার্দিওলা। বায়ার্নের বছরে ২ কোটি ইউরো বেতনের প্রস্তাবও নাকি প্রত্যাখ্যান করেছেন তিনি! ব্রিটিশ দৈনিক মেইলও দাবি করেছে, গার্দিওলার বায়ার্ন ছাড়াটা এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে। আগামী মৌসুমে তাঁর জায়গায় বায়ার্নের দায়িত্ব নিচ্ছেন কার্লো আনচেলত্তি!
যদি বায়ার্ন ছেড়েই যান, কোথায় যাবেন গার্দিওলা? এই জবাবটা দিয়েছেন ওটমার হিজফেল্ড। জার্মান ফুটবলের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ও সাবেক এই বায়ার্ন কোচ সম্প্রতি সুইস দৈনিক ব্লিককে বলেছেন, ‘আমার যা ধারণা, গার্দিওলা বায়ার্ন ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যাবে, কারণ ওরা আরও টাকা ছড়াবে।’
এত কিছুর মধ্যে গার্দিওলার কথাটাই তো জানা হলো না। তিনি কী ভাবছেন? গত মঙ্গলবার জার্মান কাপে ডার্মস্টাটডের বিপক্ষে বায়ার্নের ম্যাচটার পর এই প্রশ্নটাই সরাসরি করা হয়েছিল পেপ গার্দিওলা। মুচকি হেসে তিনি বলেছেন, ‘এই মুহূর্তে আমার কাছে কোনো জবাব নেই, তবে আশা করছি, পরের সপ্তাহেই জবাবটা দিতে পারব।’
বায়ার্নও আশা করছে বড় দিনের আগেই গার্দিওলার কাছ থেকে তারাও জবাবটা পেয়ে যাবে। তত দিন পর্যন্ত না হয় অপেক্ষা করা যাক! এএফপি, গার্ডিয়ান।