২ জুন আদালতে যেতে হবে মেসিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও আদালতে যেতে হবে মেসিকে। -এএফপি।
আবারও আদালতে যেতে হবে মেসিকে। -এএফপি।

হন্ডুরাসের বিপক্ষে গত শুক্রবারের প্রীতিম্যাচে চোট পেয়েছেন। সেই চোটের কারণে কোপা আমেরিকায় লিওনেল মেসি খেলতে পারেন কি না, সেই শঙ্কাও জেগেছিল। তবে শেষ পর্যন্ত জানা গেছে, যতটা ভাবা হয়েছিল, চোট অতটা গুরুতর নয়। কোপায় মেসি থাকছেন বলেই ধরে নেওয়া যায়।


চোটের সঙ্গে লড়াই করে না হয় মাঠে ফিরবেন। কিন্তু কর ফাঁকির মামলা থেকে যে কিছুতেই মুক্তি মিলছে না আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের। নিজেকে নির্দোষ প্রমাণ করতে আদালতেও যেতে হতে পারে আর্জেন্টিনা অধিনায়ককে।

২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে মেসি ও তাঁর বাবা ৪১ লাখ ইউরোর মতো কর ফাঁকি দেন বলে অভিযোগ উঠেছে। স্প্যানিশ আদালতে যে অভিযোগে মামলাও চলেছে। ওই মামলাতেই আগামী ২ জুন মেসি আর তাঁর বাবা হোর্হেকে শুনানির জন্য ডাকা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর ২২ মাসের জেল হতে পারে। অবশ্য স্পেনের আইন অনুযায়ী, যে অপরাধের শাস্তি দুই বছরের কম, সেই মামলায় অভিযুক্ত ব্যক্তিকে শুনানির পুরোটা সময় সরাসরি আদালতে উপস্থিত থাকার বাধ্যবাধকতা নেই। তার মানে মেসি শুধু ২ জুন আদালতে উপস্থিত থাকলেই হবে। পরে আর যেতে হবে না।

৩ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপা আমেরিকার শতবর্ষীয় আসর। বর্তমান চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার মিশন কোপা শুরু হবে ৬ জুন। এএফপি।