২ ম্যাচে ১৩ গোল!

খেলা শুরুর বাঁশির ১০০ সেকেন্ড না পেরোতেই গোল! রোমের অলিম্পিক স্টেডিয়ামের প্রায় ৩৭ হাজার দর্শকের সবাই তখনো ঠিকমতো নিজেদের আসন খুঁজে পেয়েছে কি না সন্দেহ। এরই মধ্যে হতভম্ব হয়ে দেখলেন, উল্লাস করছেন মোহামেদ সালাহ! লেভারকুসেনের বিপক্ষে রোমা এগিয়ে গেছে ১-০ গোলে।
এমন রোমাঞ্চ দিয়েই ম্যাচটি শুরু। যে রোমাঞ্চের রেশ রইল পুরো ম্যাচ জুড়েই। আধা ঘণ্টার মধ্যে স্কোর লাইন ২-০, বিরতিতেও তা-ই। দ্বিতীয়ার্ধের ৬ মিনিট না যেতেই আবার সেটি বদলে গেল ২-২। শেষ পর্যন্ত অবশ্য রোমাই জিতেছে, তবে ম্যাচটা ফুটবল রোমান্টিকদের তৃপ্তি দিয়েছে, এ কথা বলাই যায়। ফুটবল তো এমনই, তাই না?
ম্যাচের স্কোরলাইন এখানে মুখ্য বিষয় নয়, এমন ৩-২ গোলের ম্যাচ তো অনেকই হয়। রোমা-লেভারকুসেন বাড়তি গুরুত্ব পাচ্ছে টানা দুই ম্যাচে একই রকম নাটকীয়তা উপহার দেওয়ায়। গত মাসেই লেভারকুসেনের বে অ্যারেনায় আট গোলের চরম নাটকীয়তার ম্যাচটি শেষ হয়েছিল ৪-৪ ড্রতে। পেন্ডুলামের কাঁটার মতো ম্যাচের ভাগ্য দুলেছে ৯০ মিনিট ধরে। আর স্কোরলাইনটা রং বদলেছে গিরগিটির মতো: ২-০,২-২, ২-৪,৪-৪! ওই ম্যাচে ৮ আর এবার ৫—দুই ম্যাচে ১৩ গোল উপহার দিল জার্মানি ও ইতালির এই দুই বড় ক্লাব।
বায়ার্ন-আর্সেনাল ম্যাচটা বরং এমন হওয়ার কথা ছিল। কিন্তু হলো কই! আর্সেনালকে ঘরের মাঠে গোলের বানে ভাসিয়ে দিল বাভারিয়ানরা। এমন একপেশে ম্যাচের ‘বিরক্তি’ থেকে ফুটবল রোমান্টিকদের উদ্ধার করার দায়িত্ব যেন নিজেদের কাঁধেই নিয়ে নিল রোমা-লেভারকুসেন। সালাহর গোলটির মতো করেই লেভারকুসেনের অফসাইড ট্র্যাপ ভেঙে রোমার দ্বিতীয় গোলটি করেন এডিন জেকো। তবে ৪৬ মিনিটে আদমির মেহমেদির গোলের পাঁচ মিনিট পর হাভিয়ের হার্নান্দেজের পায়ে সমতায় ফেরে লেভারকুসেন।
জার্মান দলটি ম্যাচ হারল ওমর টপরাকের ভুলে। ভুল ঠিক বলা যাবে না, নিশ্চিত গোল বাঁচাতেই ম্যাচ শেষ হওয়ার দশ মিনিট আগে বক্সে সালাহকে ফাউল করে বসেন এই লেভারকুসেন ডিফেন্ডার। তবে লাভ হয়নি তাতে। নিজে তো লাল কার্ড দেখলেনই, রোমাকেও উপহার দিয়ে গেলেন পেনাল্টি। তাতে গোল করেন মিরালেম পিয়ানিচ। রোমের জয় ৩-২-এ।
তবে ‘বোকা’ স্কোরলাইন যা বলতে পারছে না, তা হলো, এ ম্যাচে বেয়ার লেভারকুসেন মোটেই ‘পরাজিত’ দল নয়। পরাজিত শব্দটার মধ্যেই তো এক ধরনের মাথা নিচু ভাব আছে। হারুক বা জিতুক, এমন দুই ম্যাচের পর কারও যে মাথা নিচু হতে নেই। তথ্যসূত্র: ইএসপিএন।