২ ম্যাচে ৯৪ গোল, ৪১টিই আত্মঘাতী—চার ক্লাব বহিষ্কার
চুরি বিদ্যা ততক্ষণই মহাবিদ্যা, যতক্ষণ সেটি ধরা না পড়ে। দৃশ্যত, দক্ষিণ আফ্রিকার চার ক্লাব মাতিয়াসি এফসি, শিভুলানি ডেঞ্জারাস টাইগার্স, কোটোকো হ্যাপি বয়েজ ও এনসামি মাইটি বার্ডস মোটেও এই বিদ্যায় দক্ষ নয়। চুরি করেছে ঠিকই, কিন্তু সেটি এতটা চোখে লাগার মতো দৃশ্যমান যে তাদের চুরি ধরা পড়তে সময়ও লাগেনি। এখন শাস্তিও পেতে হচ্ছে! ম্যাচ পাতানোর দায়ে দক্ষিণ আফ্রিকার ফুটবলের চতুর্থ স্তরের চার ক্লাবকেই আজীবন নিষিদ্ধ করা হয়েছে।
কী চুরি করেছে চার ক্লাব? মোপানি অঞ্চলের লিগে গত মাসের শেষ দিকে নিজেরা দুটি ম্যাচ খেলেছে, দুই ম্যাচের ফল যথাক্রমে ৩৩-১ ও ৫৯-১! দুই ম্যাচে ৯৪ গোল! এর মধ্যে ৪১টিই আত্মঘাতী, যদিও কোনো কোনো সংবাদমাধ্যম বলছে আত্মঘাতী গোল আসলে ৪৮টি। ম্যাচ পাতানো হয়েছে কি হয়নি, এ নিয়ে কোনো সংশয়ই আর থাকল না আরকি!
চার ক্লাবের মধ্যে শিভুলানি ডেঞ্জারাস টাইগার্স ও মাতিয়াসি এফসি তৃতীয় বিভাগে উঠে আসার লড়াইয়ে একে অন্যের প্রতিপক্ষ। লিগের পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার লড়াইয়ে টাইগার্স ৩৩-১ গোলে হারিয়েছে হ্যাপি বয়েজকে আর মাইটি বার্ডসের বিপক্ষে মাতিয়াসির জয় ৫৯-১ গোলে।
এমন ফলের পর ম্যাচগুলো যে তদন্তের মুখে পড়বে, তা আর বলে দিতে হয় না। মোপানি অঞ্চলের সভাপতি ভিনসেন্ট রামফাগো বিবিসিকে বলেছেন, ‘আমাদের তদন্তে দেখা গেছে, মাতিয়াসি ও এনসামি (মাইটি বার্ডস) মিলে শিভুলানিকে আটকানোর চেষ্টা করেছিল। শিভুলানি সে সময় ৩ পয়েন্ট ও ১৬ গোলের ব্যবধানে এগিয়ে শীর্ষে ছিল। সে কারণে ওরা (মাতিয়াসি ও মাইটি বার্ডস) ম্যাচ পাতিয়েছে, যাতে শিভুলানি শীর্ষে থাকতে না পারে।’
এ যদি হয় মাতিয়াসি আর মাইটি বার্ডসের ম্যাচ পাতানো, শিভুলানি আর হ্যাপি বয়েজের ম্যাচ পাতানোর ধরনও ছিল অদ্ভুত। কী রকম, সেটিও জানা গেল রামফাগোর বর্ণনায়, ‘বিরতিতে মাতিয়াসি ২২-০ গোলে এগিয়ে আছে শুনে শিভুলানি ম্যাচ পাতিয়ে কোটোকো হ্যাপি বয়েজের খেলোয়াড়দের মাঠ থেকে বের করে দিল। খেলোয়াড়েরা মাঠ ছেড়ে এসে বলছিল ওরা ক্লান্ত। একসময় ৭ জনের দল হয়ে গেল ওরা।’
অন্যদিকে মাতিয়াসি এফসির ম্যাচেও মাইটি বার্ডস খেলা শেষ করেছে সাতজন নিয়ে। কিন্তু সেখানে ম্যাচ পাতানোর উপায়টা ভিন্ন ছিল। রামফাগো বলেছেন, ‘ওদিকে মাতিয়াসি ম্যাচে রেফারিই খেলোয়াড়দের লাল কার্ড দেখানো শুরু করলেন, যাতে ওরা সাতজনের দল হয়ে যায়।’ সাতজনই কেন? ফুটবল ম্যাচে এক দলে সাতজনের কম হয়ে গেলে ম্যাচ পণ্ড হয়ে যায় কি না!
এই মানুষগুলোর ফুটবলের প্রতি কোনো সম্মানই নেই। এটা আবারও হতে দিতে পারি না আমরা।
এবার এমন ফল আরও বেশি চোখে লাগবে, যখন লিগে দুই ম্যাচে চার প্রতিপক্ষের আগের সাক্ষাতের ফল জানবেন। লিগে আগের সাক্ষাতে মাতিয়াসি ২-১ গোলে জিতেছে মাইটি বার্ডসের বিপক্ষে, শিভুলানি ডেঞ্জারাস টাইগার্স ২-২ গোলে ড্র করে হ্যাপি বয়েজের বিপক্ষে।
ম্যাচে গোল এতগুলো হয়েছে কি না, তা নিয়েও সংশয় ছিল। প্রশাসকেরা বলেছেন, অনেক গোল রেফারিরা ঠিকমতো লিখেও রাখেননি। সাধারণত গোলের ক্ষেত্রে রেফারির প্রতিবেদনে গোলদাতার জার্সি নম্বর ও গোলের সময় লেখা থাকে, নাম লেখা থাকলেও থাকতে পারে। কিন্তু এখানে প্রতিবেদনে কী ছিল? রামফাগোর মুখেই শুনুন, ‘আমরা দেখলাম রেফারি শুধু লিখেছে, ২ নম্বর জার্সির খেলোয়াড় ১০ গোল করেছে, ৫ জার্সিধারী ২০ গোল করেছে...কিন্তু এখানে তো ৪১টি আত্মঘাতী গোলও ছিল, তাহলে সেগুলো কীভাবে লিপিবদ্ধ করলেন রেফারি?’
শুধু চার ক্লাবকে আজীবন নিষিদ্ধ করেই ক্ষান্ত হয়নি তদন্ত কমিটি, শাস্তি পেয়েছেন ক্লাবের কর্মকর্তারাও। চার দলের কর্মকর্তাদের ছয় থেকে আট বছর নিষিদ্ধ করা হয়েছে। রামফাগোর ক্ষোভ, ‘এই মানুষগুলোর ফুটবলের প্রতি কোনো সম্মানই নেই। এটা আবারও হতে দিতে পারি না আমরা। আরও দুঃখজনক হচ্ছে এখানে তরুণ খেলোয়াড়েরাও জড়িয়ে গেছে, কারণ টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রতি দলে অন্তত ৫ জন অনূর্ধ্ব-২১ খেলোয়াড় থাকতে হবে।’
এভাবে পাতানো খেলায় দক্ষিণ আফ্রিকার জাতীয় দলেরই ক্ষতি বলে মনে করেন রামফাগো, ‘লিগগুলো আয়োজনের পেছনে আমাদের মূল লক্ষ্য হচ্ছে খেলোয়াড়দের বাফানা বাফানার (দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ডাকনাম) জন্য ভবিষ্যতের খেলোয়াড় তৈরি করা।’
তবে চার ক্লাবের মধ্যে ম্যাচ পাতানোর পেছনে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন মাইটি বার্ডসের কোচ নিল থোয়ালা। রেফারিরা সব সময় শিভুলানে ডেঞ্জারাস টাইগার্সের পক্ষে বাঁশি বাজাতেন অভিযোগ করে তাঁর দাবি, তাঁর আর কিছুই করার ছিল না।
‘আগের যে ম্যাচটা আমরা খেলেছি, সেখানে আমাদের বলা হয়েছিল রেফারিও শিভুলানে ডেঞ্জারাস টাইগার্সের লোক। আমরা চারটি গোল করেছিলাম, কিন্তু রেফারি সবগুলোই বাতিল করে দেন। অথচ ওদের বল পাশের জালে লাগার পরই রেফারি বললেন গোল হয়েছে। আমরা তখন এ নিয়ে লিখিত প্রতিবাদ জানিয়েছিলাম, কিন্তু আমাদের বলা হয়েছিল রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত’ - আত্মপক্ষ সমর্থন থোয়ালার।