২০ ভরি সোনার গোল্ডকাপ
টুর্নামেন্টের নাম বঙ্গবন্ধু গোল্ডকাপ বলেই চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে সোনা দিয়ে গড়া ট্রফি। তবে কোনো অর্থ পুরস্কার বরাদ্দ থাকছে না।
ট্রফি বানানো হচ্ছে ২০ ভরি সোনা দিয়ে। এই ট্রফিটা চ্যাম্পিয়ন দলকে একেবারেই দিয়ে দেওয়া হবে, নাকি রেপ্লিকা দেওয়া হবে—সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
টুর্নামেন্টের পুরস্কার কমিটির চেয়ারম্যান হারুনুর রশীদ কাল বলেছেন, ‘আমরা ২০ ভরি সোনা দিয়ে ট্রফি তৈরি করেছি। আর রানার্সআপ দল গতানুগতিক ট্রফিই পাবে। তবে এই আসরে কোনো অর্থ পুরস্কার থাকছে না। যেহেতু সোনার তৈরি ট্রফি থাকবে, তাই অর্থ পুরস্কারের বিষয়টি রাখছি না। অবশ্য মূল ট্রফি না রেপ্লিকা দেওয়া হবে—সেটা এখনো ঠিক হয়নি।’ এই ট্রফি বানানোর দায়িত্ব পেয়েছে আরিফ মেটালিক। ট্রফিটা গড়ার ক্ষেত্রে যাতে কোনো জালিয়াতি না হয়, সে ব্যাপারে বাফুফে খুব সতর্ক। হারুনুর রশীদ পরিষ্কার করে দিয়েছেন ব্যাপারটি, ‘আমরা যাদের দিয়েছি (আরিফ মেটালিক), তারা নিশ্চয়তা দিয়েছে যে ভালোভাবে সোনায় মোড়ানো ট্রফি তৈরি করে দেওয়া হবে। এতে কোনো সমস্যা হবে না। এখন দেখা যাক, তারা কেমন তৈরি করে। আমরা চাই এ নিয়ে যেন পরে কোনো বিতর্ক না হয়।’