উদ্দেশ্য ছিল নতুন ফিফা কাউন্সিলের জন্য এশিয়া থেকে তিনজন প্রতিনিধি নির্বাচিত করা। কিন্তু সেই উদ্দেশ্যে ভারতের গোয়ায় কাল হয়ে যাওয়া এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বিশেষ কংগ্রেস স্থায়ী হলো মাত্র ২০ মিনিট! নির্বাচন তো দূরের কথা, সভায় ওই প্রস্তাবই বাতিল করে দিয়েছেন সদস্যরা।
নির্বাচনের মাত্র দুদিন আগে ফিফা দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ করে কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি সাউদ আল-মোহান্নাদিকে। এ নির্বাচনে ছয় প্রার্থীর একজন ছিলেন আল-মোহান্নাদি। এর প্রতিবাদেই নির্বাচনের প্রস্তাব প্রত্যাখ্যান করেন এএফসির সংখ্যাগরিষ্ঠ সদস্য। ৪৪ জনের মধ্যে ৪২ জনই দিয়েছেন ‘না’ ভোট। কোনো প্রার্থীকে নির্বাচনে অযোগ্য মনে করলে সেটি তাঁর মনোনয়নপত্র দাখিলের পরই ফিফার জানানো উচিত ছিল বলে মনে করেন বেশির ভাগ সদস্য।
পরে এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খালিফা বলেছেন, এটি তাঁর দায়িত্বকালের সবচেয়ে স্বল্পস্থায়ী কংগ্রেস। এএফপি।