২০ মিনিটের 'কলম্বিয়ান শো'

ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগ মিলিয়ে সাত ম্যাচে মাত্র এক গোল। পরিসংখ্যান দেখে কে বলবে এই হ্যাম্বার ভ্যালেন্সিয়াই রাদামেল ফ্যালকাওয়ের দেশের স্ট্রাইকার! তবে আজকের পর থেকে এ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। আজ সুদে আসলে বুঝিয়ে দিয়েছেন, তিনি কলম্বিয়া থেকেই এসেছেন। হ্যাটট্রিক করে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে সাইফ স্পোর্টং ক্লাবকে জিতিয়েছেন ৫-০ গোলে।
আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্রেফ ২০ মিনিটের ম্যাজিক দেখিয়েছেন কলম্বিয়ান এই স্ট্রাইকার। ৪৫ মিনিটে করেছেন প্রথম গোল, ৬৪ মিনিটে তিন নম্বর গোল করে পূরণ করেছেন হ্যাটট্রিক। জয়ী দলের বাকি দুটি গোল করেছেন হেমন্ত ভিনসেন্ট ও ডেইনারের।
ভ্যালেন্সিয়ার তিন গোলের সন্ধ্যায় কম যাননি উইঙ্গার জুয়েল রানাও। চারটি গোলেই তাঁর অবদান। বড় জয় পেলেও, প্রথমে গোলের জন্য হাপিত্যেশ করছিল সাইফ। জুয়েলের কল্যাণে প্রথমার্ধের অন্তিম মুহূর্তে এসেছে প্রথম গোল। বাঁ প্রান্তে জুয়েল একে একে ব্রাদার্সের কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে গোলমুখে বল রাখলে জটলা থেকে টোকা দিয়ে গোল করেন ভ্যালেন্সিয়া। পরের মিনিটে জুয়েল-ভ্যালেন্সিয়া জুটিই ব্যবধান দ্বিগুণ করেন। ডান প্রান্ত থেকে জুয়েলের ক্রসে ডি-বক্সের ওপর থেকে দেখেশুনে প্লেসিং করেন ভ্যালেন্সিয়া।
সন্ধ্যাটাই যেন এ যুগলের। ৫৩ মিনিটে কাট ব্যাক করে হেমন্তকে দিয়ে দলীয় তৃতীয় গোলটি করিয়েছেন জুয়েল। ভ্যালেন্সিয়ার তৃতীয় গোলেও তাঁর ছোঁয়া। জুয়েলের রক্ষণচেরা পাস নিয়ন্ত্রণ নিয়েই ঠান্ডা মাথায় হ্যাটট্রিক পূরণ করেছেন ভ্যালেন্সিয়া। চলতি লিগে কোনো খেলোয়াড়ের এটিই প্রথম হ্যাটট্রিক। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জামাল ভূঁইয়ার ফ্রি কিক থেকে হেডে গোল করে ব্রাদার্সের কফিনে শেষ পেরেক ঠুকে দেন কলম্বিয়ার আরেক খেলোয়াড় ডেইনার আন্দেস লরদাবা। ব্রাদার্স গোলরক্ষক কাদেরের কাজটাই যেন ছিল জালের মধ্যে থেকে বল বের করে আনা।
চলতি লিগে এখন পর্যন্ত এটিই কোনো দলের সর্বোচ্চ ব্যবধানের জয়। ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সাইফ স্পোর্টিং। ছয় ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট ব্রাদার্সের।