২০ হাজার ডলার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিবন্ধন করেও সলিডারিটি কাপে না খেলায় বাফুফেকে ২০ হাজার ডলার জরিমানা করেছে এএফসি। আজ মালয়েশিয়ায় শুরু হওয়া টুর্নামেন্টে খেলছে নেপাল, শ্রীলঙ্কা, ব্রুনাই দারুস সালামসহ আরও কয়েকটি দল।
বাংলাদেশ খেলছে না ‘এই জাতীয় দল কিছু পারবে না’ সিদ্ধান্তে পৌঁছে। ভুটানের কাছে হারের পর সব আস্থাই হারিয়েছে জাতীয় দল। তবে বাফুফের এই উপলব্ধিটা হয়েছে অনেক পর। যদিও ভালো-মন্দ না ভেবেই তারা টুর্নামেন্টে খেলার ব্যাপারে নাম নিবন্ধন করে ভুটানের সঙ্গে ১০ অক্টোবরের ফিরতি ম্যাচের আগেই।
এশিয়ান কাপের বাছাইপর্বে যেতে না পারা দলগুলোর জন্যই সান্ত্বনাসূচক এই টুর্নামেন্টটা করছে এএফসি। বাংলাদেশ এশিয়ান কাপের বাছাইয়ে যেতে পারেনি। ভুটানের কাছে থিম্পুতে দ্বিতীয় প্লে-অফে ৩-১ গোলে হারের লজ্জা নিয়ে ফিরেছে দেশে। পরপরই সলিডারিটি কাপ থেকে নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় ফেডারেশন।
অনেকে বলছেন, বাফুফে ভুলটা করেছে আগবাড়িয়ে নিবন্ধন করেই। ভুটান কিন্তু নিবন্ধন করেনি, যদিও বাংলাদেশকে হারানোয় এই টুর্নামেন্টে খেলার দরকারও নেই তাদের। অন্যদিকে, নিবন্ধন যখন করেই ফেলেছে বাংলাদেশ, তখন অংশ না নেওয়া কতটা সঠিক সিদ্ধান্ত হলো, সেটাও একটা প্রশ্ন। জাতীয় দল না হোক, যুবদল পাঠানো যেত বলছেন কেউ কেউ। কোনোটাই না করায় এখন আগামী ৩০ দিনের মধ্যে জরিমানার টাকা শোধ করতে হবে। কালক্ষেপণ করলে আরও শাস্তি দেওয়ার হুমকিও এএফসি দিয়ে রেখেছে।
বাফুফে অবশ্য বলছে, জরিমানার ব্যাপারটি স্বয়ংক্রিয়ভাবেই হয়ে যায়। এখন তারা নাকি চেষ্টা করছে এএফসির কাছে ব্যাখ্যা দিয়ে জরিমানা মওকুফ করতে। তবে এএফসির ডিসিপ্লিনারি কমিটির সভা শেষে কাল এ বিষয়ে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তাতে মনে হয় না বাফুফের কোনো তদবিরে কাজ হবে।
ভুটান-দুঃসংবাদের পর এখন মাঠের বাইরেও জরিমানার আঘাত বাংলাদেশের ফুটবলের জন্য ভালো কোনো খবর নয়। আর জরিমানার খবরটি এমন সময় দিল এএফসি, যখন ফিফার প্রতিনিধিদল গুরুত্বপূর্ণ সফরে ঢাকায় পা রেখেছে গতকাল বিকেলেই। আজ থেকে তিন দিন ফিফার প্রতিনিধিদলটি বাফুফের সঙ্গে দফায় দফায় সভায় বসবে। এসব সভার পর ঠিক হবে, আগামী চার বছরে ফিফা কোন কোন খাতে বাংলাদেশকে অনুদান দেবে।