২০১৬-তেই নেইমারের রাজত্ব, রোনালদোর ভবিষ্যদ্বাণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবলের রাজ্যের নতুন রাজার আবির্ভাব হতে যাচ্ছে? ছবি: রয়টার্স
ফুটবলের রাজ্যের নতুন রাজার আবির্ভাব হতে যাচ্ছে? ছবি: রয়টার্স

প্রায় এক দশকজুড়ে চলা ফুটবলের ‘দ্বৈত-শাসনে’র কি অবসান হতে চলেছে? ফুটবলের এক কিংবদন্তি তা-ই মনে করেন। ব্রাজিলের সাবেক তারকা রোনালদো মনে করছেন, ২০১৬ সালে শুরু হয়ে যাচ্ছে নেইমারের রাজত্ব।
নিজের সেরা ফর্মে আছেন নেইমার। বার্সেলোনার হয়ে গত মৌসুমে ট্রেবল জেতা ফর্মকে টেনে এনেছেন এই মৌসুমে। গত দুই মাসে মেসির অনুপস্থিতিতে আলোটা টেনে নিয়েছেন নিজের ওপর। জাদুতে মুগ্ধ করেছেন। তারপরও যদি নেইমারকে নিয়ে কারও সন্দেহ থাকে, সেটার শেষটুকুও মুছে দিয়েছেন গত ‘এল ক্লাসিকো’তে।
আসছে জানুয়ারিতেই ব্যালন ডি’অর পুরস্কারের তিন ফাইনালিস্ট বেছে নেওয়া হবে। স্বদেশি রোনালদোর আশা নেইমারই জিতুক ব্যালন ডি’অর, ‘আমি চাই নেইমার এটি জিতুক এবং মেসি-রোনালদোর আধিপত্যের শেষ করুক। কিন্তু এও জানি, এবারও দুজনের একজনের কাছেই যাবে সেটি। বরং নেইমার তৃতীয় হবে কি না, সেটিই নিশ্চিত হতে পারছি না।’
তবে পরের বছরটি যে নেইমারেরই হবে এই নিয়ে সন্দেহ নেই দুবারের এই বিশ্বকাপজয়ীর, ‘আগামী বছর আমার বাজি থাকবে নেইমারের ওপর। নেইমার এখনো শিখছে, সে দিন দিন আরও ভালো হবে। অন্য দিকে ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা মেসির নিজেদের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানো হয়েই গেছে। ওরা হয়তো আর দুই-এক বছর থাকবে। এটা খুব স্বাভাবিক, নেইমার খুব শিগগিরই বিশ্বসেরার জায়গাটি নিজের করে নেবে।’ সঙ্গে আরেকটি তথ্যও যোগ করলেন এই সাবেক ফিফা বর্ষসেরা, ‘এটি তো সব সময় ব্রাজিলিয়ানদের সম্পত্তিই ছিল!’
এখন পর্যন্ত মোট আটবার ব্যালন ডি’অর পুরস্কারটি ব্রাজিলিয়ানদের দখলে গেছে, রোনালদো নিজেই তিনবার জিতেছেন। আর সময়ের সেরা দুই খেলোয়াড় মেসি ও রোনালদো নিজেদের মধ্যে গত সাত বছর ভাগাভাগি করে নিয়েছেন এই পুরস্কার। ২০০৭ সালে সর্বশেষ ব্রাজিলিয়ান হিসেবে বর্ষসেরা হন কাকা। আবারও বর্ষসেরার রাজত্বে ব্রাজিলের পতাকা নেইমারই ওড়াবেন। খুব সন্দেহ আছে কী! সূত্র: রয়টার্স।