২০১৬ থেকেই নেইমার-রাজ!

অনেক তো রাজত্ব করলেন মেসি-রোনালদো। এবার তাহলে তল্পিতল্পা গোছানোর পালা। বিশ্ব ফুটবলে নতুন সম্রাট যে চলে এসেছেন! রোনালদোর ধারণা অন্তত তাই। সাবেক ব্রাজিলিয়ান স্ট্রাইকারের মতে, ২০১৬ সালেই শুরু হচ্ছে নেইমার-রাজত্ব।
নিজের সেরা ফর্মে আছেন নেইমার। মেসির অনুপস্থিতিতে গত দুই মাসে মাঠে দেখিয়েছেন জাদুর ঝলক। তারপরও যদি নেইমারকে নিয়ে কারও সন্দেহ থাকে, সেটিও মুছে দিয়েছেন ‘এল ক্লাসিকো’তে।
আগামী জানুয়ারিতেই পরবর্তী ব্যালন ডি’অর পুরস্কার। ‘ফেনোমেননের’ আশা নেইমারই জিতবে ব্যালন ডি’অর, ‘আমি চাই নেইমার এটি জিতুক এবং মেসি-রোনালদোর আধিপত্য শেষ হোক। তবে এও জানি, এবারও দুজনের একজনের কাছেই যাবে সেটি। বরং নেইমার তৃতীয় হবে কি না, সেটিই নিশ্চিত হতে পারছি না।’
তবে পরের বছরটি যে নেইমারেরই হবে, এটা নিয়ে কোনো সংশয় নেই দুবারের বিশ্বকাপজয়ীর, ‘আগামী বছর আমার বাজি থাকবে নেইমারের ওপর। ও এখনো শিখছে, সে দিন দিন আরও ভালো করবে। অন্যদিকে রোনালদো কিংবা মেসির নিজেদের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানো হয়েই গেছে। ওরা হয়তো আর দুই-এক বছর থাকবে। এটা খুব স্বাভাবিক, নেইমার শিগগিরই বিশ্বসেরার জায়গাটি নিজের করে নেবে।’ সঙ্গে আরেকটি কথাও মনে করিয়ে দিলেন, ফিফার তিনবারের বর্ষসেরা, ‘এটি তো সব সময় ব্রাজিলিয়ানদের সম্পত্তিই ছিল!’ রয়টার্স।