২০১৬ মেসিকে দেবে নতুন কিছু?
গত মৌসুমেই দারুণ এক সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি। বার্সেলোনাকে ট্রেবল জিতিয়ে আর্জেন্টিনাকেও কোপা আমেরিকা জেতানোর দ্বারপ্রান্তে চলে গিয়েছিলেন। কিন্তু পারেননি, চিলির কাছে ফাইনালে হেরে জাতীয় দলের হয়ে আবারও খালি হাতে ফিরেছেন। এক বছরের মাঝে দুবার শিরোপা জেতার নিশ্বাসদূরত্বে গিয়েও আর্জেন্টিনা পায়নি ট্রফি উঁচিয়ে উল্লাস করার সুযোগ।
দুটি ব্যর্থতাই মেসিকে এখনো পোড়ায়। দুঃখ ঘোচানোর একটা সুযোগ এ বছরই পেয়ে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা। এ বছর জুন-জুলাইয়ে কোপার আসর বসবে যুক্তরাষ্ট্রে। এবার আর্জেন্টিনার হয়ে জিততে চান কোপা, ‘আমাদের প্রত্যাশা অনেক বড়। একদিন দেশের হয়ে কিছু জেতার স্বপ্ন পূরণ করার ইচ্ছাটাও প্রবল আমাদের। এ বছর আবারও কোপা আমেরিকা হবে এবং গতবারের তুলনায় আমাদের জেতার সুযোগটা আরও বেশি।’
আর্জেন্টিনার বর্তমান ফর্ম সেই আশা করার সাহস দিচ্ছে মেসিকে, ‘গত কিছুদিন আর্জেন্টিনা খুব ভালো খেলছে। আমরা অনেক উন্নতি করছি, দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে জিততে হলে এটা খুবই প্রয়োজন। আমি বিশ্বাস করি, এবার আমরা ঘুরে দাঁড়াবই।’
একই সঙ্গে বার্সেলোনার হয়েও ইতিহাস গড়তে চান মেসি। গত দুই যুগে যা করতে পারেনি কোনো দল, সেটি অর্জনের হাতছানিই যেন দেখছেন সামনে, ‘গত মৌসুমের মতো এবারও আমাদের ক্ষুধা ও জেতার আকাঙ্ক্ষা অনেক তীব্র। বার্সেলোনা এবারও সম্ভাব্য সব শিরোপার জন্যই লড়বে। হ্যাঁ, টানা দুবার চ্যাম্পিয়নস লিগ জেতা কঠিন। কিন্তু এ রকম দুর্দান্ত দল ও দৃঢ় মানসিকতা নিয়ে আমরা সেই চেষ্টাটা করব। আমাদের মধ্যে মাঠ ও মাঠের বাইরে দারুণ বোঝাপড়া। তাই এবারও আমরা এটা জেতার চেষ্টা করব।’
ফুটবলে অবিশ্বাস্য অনেক কিছুই তো করে দেখিয়েছেন মেসি। এবার কি পারবেন সেই তালিকায় নতুন কিছু যোগ করতে! বিবিসি।