২০১৮ বিশ্বকাপেই ভিডিও প্রযুক্তি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৬৬ বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিপক্ষে ইংল্যান্ডের জিওফ হার্স্টের গোলটি কি আসলেই গোললাইন পেরিয়েছিল? ২০১০ বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ইংল্যান্ডের ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের ফ্রি কিকটি কি গোল ছিল না?
ফুটবলে চিরন্তন বিতর্কের অংশ হয়ে আছে এই প্রশ্নগুলো। মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া এসব ঘটনায় সিদ্ধান্ত নেওয়া রেফারির জন্য অনেক সময় কঠিনও হয়ে পড়ে। রেফারিদের কাজ সহজ করার জন্য প্রযুক্তির ব্যবহারের কথাও ভাবা হচ্ছিল। ভাবনাটাকে অবশেষে বাস্তবে রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। ২০১৮ বিশ্বকাপেই দেখা যেতে পারে ভিডিও প্রযুক্তির ব্যবহার।
ফিফা চাইছে, তবে রাশিয়া বিশ্বকাপেই ভিডিও প্রযুক্তি ব্যবহার করা হবে কি না, সেটি এখনো পুরোপুরি নিশ্চিত নয়। গত মার্চে ফুটবলের আইন পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) ফুটবল মাঠে রেফারিদের সাহায্য করার ভিডিও প্রযুক্তি ব্যবহারের অনুমোদন দিয়েছিল। তখন বলা হয়েছিল, ফিফার অনুমোদিত টুর্নামেন্টে ব্যবহারের আগে দুই বছর পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তি ব্যবহার করতে হবে এবং সেটি করতে হবে ২০১৭-১৮ মৌসুমের আগে। রাশিয়া বিশ্বকাপ সামনে রেখে ফিফা একটু আগেভাগেই বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায় পরীক্ষামূলক ব্যবহার শুরু করে দিতে চাইছে।
গত মঙ্গলবার রাশিয়ায় বিশ্বকাপ প্রস্তুতি পর্যবেক্ষণ করতে গিয়ে এই ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ‘এই পরীক্ষামূলক ভিডিও এখন শুরু হবে এবং আগামী দুই বছর চলবে। তার মানে ২০১৮ সালের মার্চের আগেই আমরা বুঝতে পারব, এই প্রযুক্তি ব্যবহারের যোগ্য কি না।’
এই প্রযুক্তির জন্য মাঠে একজন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি থাকবেন, যিনি ম্যাচের সময়ে ভিডিও রিপ্লে দেখে মূল রেফারিকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন। মূলত ম্যাচের ফল বদলে দিতে পারে, এমন চারটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রেফারিরা এই প্রযুক্তির সাহায্য নেবেন—গোল হয়েছে কি না, লাল কার্ড, পেনাল্টি এবং খেলোয়াড় চিনতে ভুল না করা। এএফপি।