২০১৮ বিশ্বকাপেও ভিডিও রিভিউ?
উদ্দেশ্য, ভুল কমিয়ে আনা। কিন্তু ক্লাব বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি ব্যবহার উল্টো উসকে দিয়েছে বিতর্ক। খেলোয়াড়দের খুব একটা পছন্দ হয়নি এই প্রযুক্তি। তবে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আশা করছেন, ত্রুটি-বিচ্যুতিগুলো সারিয়ে তোলা গেলে ২০১৮ রাশিয়া বিশ্বকাপেই ব্যবহৃত হতে পারে ভিডিও প্রযুক্তি।
ক্লাব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভিএআরের সাহায্যে পেনাল্টির সিদ্ধান্ত নিয়েছিলেন রেফারি। সিদ্ধান্তটা মানতে পারেনি কলম্বিয়ার অ্যাটলেটিকো ন্যাসিওনাল। দ্বিতীয় সেমিফাইনালে শেষ মুহূর্তে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল নিয়েও ছড়িয়েছে বিভ্রান্তি।
তবে ইনফান্তিনো শিগগিরই এসব ত্রুটি দূর করে ফেলতে চান, ‘ঠিক কবে থেকে আমরা নিয়মিত এই প্রযুক্তি ব্যবহার করব, সেটা এখনই বলা একটু বাড়াবাড়ি হয়ে যায়। তবে আশা করছি, আগামী বিশ্বকাপের আগেই পরীক্ষা-নিরীক্ষাগুলো সফল হবে এবং আমরা এটা ব্যবহার করব।’
কাশিমা অ্যান্টলার্সকে দেওয়া পেনাল্টির প্রশংসাও করেছেন ইনফান্তিনো, ‘রেফারি ঘটনাটি দেখেননি। ভিডিও প্রযুক্তির সাহায্যেই ওই ভুল শুধরানো গেছে। তবে (সিদ্ধান্ত দিতে) সময়টা একটু বেশি লেগেছে। আমাদের এ নিয়ে কাজ করতে হবে। আর রোনালদোর গোল নিয়ে গোলমালটা স্রেফ যোগাযোগ বিভ্রাটের কারণে হয়েছে।’ এএফপি।
রিয়াল মাদ্রিদ-ক্লাব আমেরিকা ম্যাচ শেষে নতুন প্রযুক্তির সমালোচনা করেন রিয়াল মিডফিল্ডার লুকা মডরিচ। ইনফান্তিনোর আশা, প্রযুক্তি এরপর আর হতাশ করবে না মডরিচকে, ‘আমি নিশ্চিত, প্রযুক্তির কারণে দল জিতলে পরের বার মডরিচ খুশিমনেই ফিরবে। কয়েক সেকেন্ড বেশি লাগলেও আসল কথা হলো সঠিক সিদ্ধান্ত নেওয়া।’