২০২১ পর্যন্ত বার্সেলোনায় নেইমার?

শেষ পর্যন্ত তাহলে বার্সা নেইমারের গলায় ঘণ্টা পরাতে পারল! নেইমারের নতুন চুক্তি নিয়ে তো কম ঢাক গুড়গুড় হয়নি। স্প্যানিশ প্রচারমাধ্যমে এখন গুঞ্জন, এর মধ্যে নতুন চুক্তির ব্যাপারে ঐকমত্যে পৌঁছে গেছে দুই পক্ষ। খবরটা সত্যি হলে ২০২১ পর্যন্ত বার্সেলোনায় থাকবেন নেইমার।
বার্সার সঙ্গে নেইমারের নতুন চুক্তি নিয়ে একটা ‘রহস্য’ চলছে বেশ কিছুদিন থেকেই। নেইমার মুখে বারবারই বলছেন, বার্সাতেই তিনি সুখী, এই ক্লাবের হয়ে খেলতে পারাটাকেই পরম পাওয়া মনে করেন। কিন্তু চুক্তিটা কেন যেন আর করছিলেন না। এর মধ্যে গুঞ্জন, কর সংক্রান্ত ঝামেলায় স্পেনই ছাড়তে চাইছেন বার্সার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বার্সা অবশ্য বারবারই দাবি করে আসছিল, নেইমারের চুক্তি নিয়ে অনিশ্চয়তার কিছু নেই।
প্রথম থেকেই বার্সায় থেকে যাওয়ার কথা জোর দিয়ে বললেও গত সপ্তাহে নেইমারের গলায় পাওয়া যায় নতুন সুর। নেইমার বলে বসেন, কোনো কিছুই নিশ্চিত নয়। কী হতে পারে কে জানে! এটাই বার্সা সমর্থকদের উদ্বেগে ডোবায়। নেইমার থাকছেন তো!
সমর্থকদের আশ্বস্ত করে স্প্যানিশ রেডিও কোপে জানাচ্ছে, ২০২১ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন নেইমার। প্রাথমিক কথাবার্তাও হয়ে গেছে। এই মুহূর্তে বার্সায় নেইমারের সমান বেতন পান আন্দ্রেস ইনিয়েস্তা, লুইস সুয়ারেজ। লিওনেল মেসি পান এঁদের চেয়ে বেশি। নতুন চুক্তি হলে শুধু মেসিই নেইমারের চেয়ে বেশি বেতন পাবেন। নেইমার মেসির চেয়ে বেশি বা মেসি সমান বেতন চাইছেন বলে যে গুঞ্জন ছিল, সেটিও এই চুক্তির মাধ্যমে থামবে। আর অনেক অনেক গুঞ্জন থামিয়ে দিতে পারা চুক্তিটা হবে কয়েক দিনের মধ্যেই। এএফপি।