২০৩ মিলিয়ন ইউরো আয়ের নথি দেখাল রোনালদোর প্রতিষ্ঠান!

বোমাটি প্রথম ফাটিয়েছিল জার্মান সাপ্তাহিক ডার স্পাইজেল। ক্রিস্টিয়ানো রোনালদো নাকি ১৫০ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন! পর্তুগিজ উইঙ্গার শুরু থেকেই প্রতিবাদ করে আসছিলেন। যে প্রতিষ্ঠান, জেস্টিফিউটের মাধ্যমে কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে, করের কাগজপত্র দেখিয়ে তারা জানিয়ে দিল, কোনো রকম কর ফাঁকি দেয়নি রোনালদো ও তাঁর প্রতিষ্ঠান। বরং ২০১৫ সালে ২০৩ মিলিয়ন ইউরো আয়ের কথা জানানো হয়েছে সেখানে।
এই জেস্টিফিউটকে ব্যবহার করেই ‘ট্যাক্স হ্যাভেন’ বলে পরিচিত দেশগুলোয় নাকি অঢেল সম্পত্তি বানিয়েছেন রোনালদো। তাঁর সাবেক কোচ হোসে মরিনহোর বিরুদ্ধেও উঠেছে কর ফাঁকির অভিযোগ। তবে রোনালদোর বিরুদ্ধে অভিযোগটাই বেশি গুরুতর, ১৫ কোটি ইউরো কর ফাঁকি দেওয়া যা তা কথা নয়! অভিযোগ প্রমাণ হলে ছয় বছরের জেলও হতে পারে রোনালদোর। লিওনেল মেসিকেও কর ফাঁকির অভিযোগে ২১ মাসের শাস্তি দেওয়া হয়েছিল। প্রথমবার ও দুই বছরের কম হওয়ায় মেসিকে সে শাস্তি ভোগ করতে হয়নি। কিন্তু রোনালদোর ক্ষেত্রে সে সুযোগও থাকবে না।
এমন অবস্থায় জেস্টিফিউট ২০১৫ সালে রোনালদোর হয়ে দাখিল করা করের কাগজপত্র প্রকাশ করেছে কাল। আয়করের ৭২০ নম্বর ফরমের একটি ছবি প্রকাশ করে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। সেখানেই দেখা গেছে, ২০১৫ সালে স্পেনের বাইরে ২০৩ মিলিয়ন ৭ লাখ ৯৩ হাজার ৯৬২ ইউরো আয় করেছেন রোনালদো। সঙ্গে একটি বিবৃতিও প্রকাশ করেছে রোনালদোর এজেন্ট হোর্হে মেন্ডেজের মালিকানাধীন প্রতিষ্ঠানটি, ‘ক্রিস্টিয়ানো রোনালদো ক্যারিয়ারের শুরু থেকেই নিয়মিত কর দেন, যে দেশেই থাকুন না কেন। এই নথি আমরা বাধ্য হয়ে নয়, নিজেদের ইচ্ছায় প্রকাশ করেছি। যে প্রমাণ করছে, রোনালদো ও তাঁর এজেন্সি সৎ, নিয়ম ও আইনের ক্ষেত্রে সব সময় কর্তৃপক্ষকে সাহায্য করে।’ সূত্র: মার্কা।